মার্কেট, বিপণি বিতান ও দোকানপাট সপ্তাহে তিন দিন রাত ১০টা এবং বাকি তিন দিন রাত ৮টা পর্যন্ত খোলা রাখা যাবে। এ ছাড়া মার্কেটে সোলার প্যানেল স্থাপনে ৫ % সুদে ৫ থেকে ৭ বছর মেয়াদে ঋণ দেবে সরকার।
রবিবার (২৯ নভেম্বর) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর সঙ্গে বাংলাদেশ দোকান মালিক সমিতির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় বিদ্যুৎ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, বিদ্যুৎ সচিব এবং বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) চেয়ারম্যান উপস্থিত ছিলেন। সভা শেষে দোকান মালিক সমিতির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, যেসব মার্কেট সোলার প্যানেল স্থাপন করতে চায়, সরকার তাদের পাঁচ শতাংশ সুদে ৫ থেকে ৭ বছর মেয়াদে ঋণ দেবে। পাশাপাশি সোলার প্যানেলগুলো মানসম্পন্ন কি না তা নিশ্চিত করতে বিএসটিআইয়ের সনদ গ্রহণ বাধ্যতামূলক করা হয়েছে। এর পরও নিম্নমানের সোলার প্যানেল ব্যবহার করা হলে বিএসটিআই ও স্থাপনকারী প্রতিষ্ঠানকে জবাবদিহিতার আওতায় আনতে হবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, অতীতের মতো এখনো সারাদেশে প্রতিদিন তিন থেকে পাঁচ বার বিদ্যুৎ বিভ্রাট ঘটছে। জনসাধারণ এটিকে লোডশেডিং ভাবলেও বাস্তবে তা বিদ্যুৎ বিভ্রাট। গড় হিসাবে একজন গ্রাহক বছরে এক হাজার ৯৫ বার বিদ্যুৎ বিভ্রাটের শিকার হচ্ছেন- যা গ্রহণযোগ্য নয়। কারণ একই ধরনের আবহাওয়ার দেশ থাইল্যান্ডে বছরে একবার ৫ থেকে ৭ মিনিট বিদ্যুৎ বিভ্রাট হয়। এ বিষয়ে যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবি জানালে মন্ত্রী পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন।
এ ছাড়া প্রিপেইড মিটার নিয়ে গ্রাহকদের মধ্যে ভীতি ও অনাগ্রহের বিষয়টিও বৈঠকে আলোচনা হয়।
সমিতির ভাষ্য অনুযায়ী, ২ হাজার টাকার কার্ড কিনে মিটারে রিচার্জ করলে অনেক কম অর্থ শো করে; ম্যানুয়াল বিলে পিক আওয়ার, অফ পিক আওয়ার, ডিমান্ড চার্জ ও ভ্যাটসহ বিভিন্ন প্রদেয় চার্জ কাটা হয় এবং মিটার ভাড়া বাতিল হলেও পরিপত্র না থাকায় এখনো তা কাটা হচ্ছে।
মোবাইল রিচার্জের উদাহরণ টেনে সমিতির পক্ষ থেকে প্রস্তাব দেওয়া হয়, গ্রাহক মিটারে যে অর্থ রিচার্জ করবেন তা যেন সরাসরি শো করে। এছাড়া অন্যান্য প্রদেয় চার্জ সফটওয়্যারের মাধ্যমে সমন্বয় করা হয় তার বিষয়েও আলোচনা হয় সভায়।