প্রিপেইড মিটার বাতিলের দাবিতে রংপুরে হরতালের ডাক

সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এ হরতাল কর্মসূচি পালন করা হবে

আপডেট : ২৮ নভেম্বর ২০২৬, ০৭:২৫ পিএম

প্রিপেইড মিটার বাতিল করে আগের পোস্টপেইড মিটার পুনঃস্থাপনসহ চার দফা দাবিতে সোমবার (৩০ নভেম্বর) অর্ধদিবস হরতাল আহ্বান করেছে রংপুর মহানগর নাগরিক কমিটি। সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এ হরতাল কর্মসূচি পালন করা হবে।

নাগরিক কমিটির অন্য দাবিগুলোর মধ্যে রয়েছে- সাশ্রয়ী মূল্যে নিরবচ্ছিন্ন বিদ্যুৎসেবা প্রদান, বিদ্যুৎ খাতে দুর্নীতির শ্বেতপত্র প্রকাশ এবং বিদ্যুৎ খাতকে বেসরকারিকরণের তৎপরতা বন্ধ করা।

হরতাল সফল করতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময়, অফিস-আদালত, দোকানপাট ও শিক্ষাপ্রতিষ্ঠানে লিফলেট বিতরণ, পথসভা, পোস্টারিং ও মাইকিংয়ের মাধ্যমে প্রচারণা চালানো হচ্ছে বলে জানিয়েছেন নাগরিক কমিটির সদস্য সচিব অ্যাডভোকেট পলাশ কান্তি নাগ।

তিনি বলেন, দীর্ঘ আন্দোলনের ধারাবাহিকতায় ঘোষিত এই হরতাল কোনো গোষ্ঠী, শ্রেণি বা দলের স্বার্থে নয়; বরং আপামর বিদ্যুৎ গ্রাহকদের স্বার্থে ডাকা হয়েছে।

পলাশ কান্তি নাগ বলেন, “পোস্টপেইড মিটারের তুলনায় প্রিপেইড মিটারে গ্রাহকদের দ্বিগুণ-তিনগুণ বেশি অর্থ ব্যয় করতে হচ্ছে। বাস্তবিক অর্থে প্রিপেইড মিটার জনগণের পকেট কাটার ফাঁদ এবং ভোগান্তির যন্ত্রে পরিণত হয়েছে। এটি তৎকালীন আওয়ামী লীগ সরকারের প্রকল্প হলেও এখনো বহাল রয়েছে।”

বর্তমান সরকারের সমালোচনা করে তিনি আরও বলেন, বর্তমান সরকারও বিগত সরকারের মতো দুর্নীতিবাজ ও লুটেরাদের স্বার্থ রক্ষা করে চলেছে; তা না হলে সারা দেশের কোটি কোটি বিদ্যুৎ গ্রাহকের সমস্যাকে কেন আমলে নেওয়া হচ্ছে না। এ সময় দল-মত নির্বিশেষে সর্বস্তরের মানুষকে হরতাল কর্মসূচি সফল করার আহ্বান জানান তিনি।

এর আগে গত ১৮ অক্টোবর রংপুর প্রেসক্লাব চত্বরে এক সংবাদ সম্মেলন থেকে ৩০ নভেম্বর সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত আধাবেলা হরতালের কর্মসূচি ঘোষণা করেছিল বিদ্যুৎ গ্রাহক ফোরাম।

ওই সময় বিদ্যুৎ গ্রাহক ফোরাম রংপুর জেলার সদস্য সচিব আহসানুল আরেফিন তিতু বলেন, “রংপুর দরিদ্রপীড়িত অঞ্চল। যে আয়, তা দিয়ে বর্তমান বাজারে জীবন চালানো দায়। তার ওপর বিদ্যুৎ বিভাগের নানা অপকর্ম, অব্যাহত লোডশেডিং, ভুতুড়ে বিল, তার ওপর মরার উপর খাঁড়ার ঘা হিসেবে প্রিপেইড মিটার গ্রাহকদের ওপর জগদ্দল পাথরের মতো চেপে বসেছে। এতে জনজীবন অতিষ্ঠ।”