মাহবুব তালুকদার: কুমিল্লার পরই নারায়ণগঞ্জ সিটি নির্বাচন সর্বোত্তম

গত পাঁচ বছরের মধ্যে কুমিল্লার পরই নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনের সার্বিক পরিস্থিতিকে সর্বোত্তম বলে দাবি করেছেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার। তিনি বলেন, “আমার অনেক প্রত্যাশার স্থান ছিল এটি। কারণ, আমি ইতিপূর্বে বলেছি, যার শেষ ভালো, তার সব ভালো।”

রবিবার (১৬ জানুয়ারি) নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনের চারটি কেন্দ্রের ১৪টি বুথ পরিদর্শন করেন মাহবুব তালুকদার। এরপর সেখান থেকে ঢাকায় ফিরে লিখিত বক্তব্যে এসব কথা বলেন। এ সময় তিনি সাংবাদিকদের কাছ থেকে কোনো প্রশ্ন নেননি।

লিখিত বক্তব্যে মাহবুব তালুকদার বলেন, “নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে আমি চারটি কেন্দ্রের ১৪টি বুথ পরিদর্শন করেছি। এই নির্বাচনে উল্লেখযোগ্য কোনো সংঘর্ষ ও সন্ত্রাসের ঘটনা ঘটেনি। গত পাঁচ বছরের মধ্যে যতগুলো সিটি করপোরেশন নির্বাচন হয়েছে, আমার বিবেচনায় আমাদের প্রথম কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচন ও সবশেষ নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচন সর্বোত্তম।”

এ সময় তিনি তার বক্তব্যে শামীম ওসমানের আচরণবিধি লঙ্ঘনের পর তাকে চিঠি না দেওয়ায় বিস্ময় প্রকাশ করেন। এ বিষয়ে তিনি বলেন, “আচরণবিধি লঙ্ঘন করে একজন সাংসদ প্রচারণা চালিয়েছেন। কিন্তু তাকে এ জন্য কোনো চিঠি পর্যন্ত দেওয়া হয়নি। বরং বলা হয়েছে, তিনি আচরণবিধি লঙ্ঘন করলেও শাস্তিযোগ্য অপরাধ করেননি। আচরণবিধি ভঙ্গ করলে শাস্তিযোগ্য অপরাধ কিংবা শাস্তিহীন অপরাধের বিভাজন কোথায় আছে?”

১৫ জানুয়ারি নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনকে কেন্দ্র করে স্বতন্ত্র মেয়র প্রার্থী অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকারের নির্বাচনী এজেন্টসহ ১০ জন নেতা-কর্মীকে পুলিশ গ্রেপ্তার করে বলে এক সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়। এ বিষয়ে মাহবুব তালুকদার বলেন, “নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নির্বাচনকালেও পুরনো মামলায় আটক অব্যাহত রয়েছে, যা দুঃখজনক।”