শাবি উপাচার্যকে খাবার দিতে গিয়ে ব্যর্থ প্রক্টোরিয়াল টিম

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) অবরুদ্ধ উপাচার্যের জন্য খাবার নিয়ে গিয়েছিল বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়াল টিম। তবে শিক্ষার্থীদের বাধার মুখে খাবার না দিয়েই ফেরত যেতে হয়েছে তাদের।

সোমবার (২৪ জানুয়ারি) সন্ধ্যায় উপাচার্যের বাসায় প্রবেশের চেষ্টা করে প্রক্টোরিয়াল বডি। এ সময় তারা অনশনরত শিক্ষার্থীদেরও খোঁজ-খবর নেন এবং তাদের অনশন ভাঙানোর চেষ্টা করেন।

এ সময় শিক্ষার্থীদের সঙ্গে তাদের বাগ্বিতণ্ডা শুরু হয়। পরে উপাচার্যের বাসায় অবরুদ্ধদের জন্য খাবার নিয়ে ঢুকতে চাইলে বাধা দেয় শিক্ষার্থীদের মানবপ্রাচীর। এ সময় বেশ কিছু শিক্ষার্থী মানবপ্রাচীরের ভেতর শুয়ে পড়েন।

এ বিষয়ে শাবি প্রক্টর সহযোগী অধ্যাপক ড. আলমগীর কবীর গণমাধ্যমকর্মীদের বলেন, খাবার উপাচার্যের জন্য নয়। ভেতরে আমাদের বেশ কিছু শিক্ষক, কর্মকর্তা আটকা পড়ে আছেন। ডরমেটরির ভেতর বেশ কয়েকজন শিক্ষক আটকা পড়ে আছেন। এদের মধ্যে একজন শিক্ষক অসুস্থ্। এছাড়াও উপাচার্যের হার্টের সমস্যা, তার ওষুধও ফুরিয়ে গেছে। ভেতরে যাওয়ার সুযোগ হলে ওষুধের ব্যবস্থা করা যেতো। এখন আর এই সুযোগ নেই।

এর আগে বিকেল সাড়ে ৩টায় সিলেট সিটি কর্পোরেশনের ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ইলিয়াসুর রহমান ইলিয়াস ও ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মোখলেসুর রহমান কামরান উপাচার্যের জন্য খাবার নিয়ে গিয়েছিলেন। তবে তারাও গেট থেকে ফিরে যান।

রবিবার শাবি উপাচার্যের বাসার সামনে অবস্থান নিয়ে তাকে অবরুদ্ধ করেন আন্দোলনরত শিক্ষার্থীরা। সন্ধ্যায় তার বাসার পানি ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। বাসার ভেতরে পুলিশ এবং শর্তসাপেক্ষে গণমাধ্যমকর্মী ছাড়া কাউকে ঢুকতে দিচ্ছেন না শিক্ষার্থীরা।