টিপু হত্যা: ৭ দিনের রিমান্ডে মাসুম

রাজধানীর শাহজাহানপুরে দুর্বৃত্তদের গুলিতে সাবেক আওয়ামী লীগ নেতা জাহিদুল ইসলাম টিপু (৫৫) ও বেগম বদরুন্নেসা সরকারি বালিকা কলেজের ছাত্রী সামিয়া আফনান প্রীতি (২০) হত্যার ঘটনায় দায়ের করা মামলায় শুটার মাসুম মোহাম্মদ আকাশের ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সোমবার (২৮ মার্চ) দুপুরে ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম তোফাজ্জল হোসেন আকাশের জামিন আবেদন নাকচ করে রিমান্ড মঞ্জুর করেন।


আরও পড়ুন- ডিবি: জাহিদুলকে হত্যার জন্য পাঁচ দিন আগে ভাড়া করা হয় মাসুমকে


গোয়েন্দা পুলিশের খিলগাঁও জোনের পরিদর্শক মোহাম্মদ ইয়াসিন শিকদার মাসুমকে আদালতে হাজির করে ১৫ দিনের রিমান্ডের আবেদন করেন। পরে শুনানি শেষে তার ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

এর আগে রবিবার ডিবির পক্ষ থেকে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জানানো হয়, জাহিদুল ইসলাম টিপুকে হত্যার কথা স্বীকার করেছেন মাসুম। এছাড়াও সিসি ক্যামেরার ফুটেজ ও তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে মাসুমের হত্যাকাণ্ডে অংশ নেওয়ার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

ডিবির জানায়, রবিবার সকালে বগুড়া থেকে মাসুমকে গ্রেপ্তার করা হয়।


আরও পড়ুন- ‘এক থেকে দেড় মিনিটের মধ্যেই জাহিদুলকে গুলি করে পালিয়ে যায় দুর্বৃত্তরা’


সংবাদ সম্মেলনে ডিবির অতিরিক্ত কমিশনার এ কে এম হাফিজ আক্তার বলেন, “এই হত্যাকাণ্ডের জন্য পাঁচ দিন আগে মাসুমকে ভাড়া করা হয়। ঘটনার তিন দিন আগে অপরিচিত এক ব্যক্তি কমলাপুরের ইনল্যান্ড ডিপো এলাকায় এসে মাসুম এবং তার সহযোগীকে একটি মোটরসাইকেল ও অস্ত্র দিয়ে যান।”

ডিবি জানায়, জাহিদুল মতিঝিল এলাকার প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তি ছিলেন। এই হত্যাকাণ্ডের পেছনে অনেকগুলো বিষয় কাজ করেছে। তবে পূর্বপরিকল্পিত এই ঘটনার “মোটিভ” এখনও অজানা।

সংবাদ সম্মেলনে বলা হয়, হত্যার পরদিন রাতে ঢাকা থেকে একটি গাড়িতে জয়পুরহাটে যান মাসুম। সেখান থেকে সীমান্ত পাড়ি দিয়ে তিনি ভারতে যেতে চেয়েছিলেন। সেদিন যেতে না পেরে তিনি বগুড়ায় চলে যান। যে গাড়িতে তিনি জয়পুরহাটে গিয়েছিলেন, সেই গাড়ির লোকজন ঢাকায় ফিরলে তাদের নিয়ে বগুড়ায় যায় পুলিশ। পরে বগুড়া জেলা পুলিশের সহায়তায় মাসুমকে গ্রেপ্তার করা হয়।


আরও পড়ুন- কার শাস্তি চাইব, কার কাছে চাইব বিচার?


প্রসঙ্গত, গত ২৪ মার্চ রাত ১০টার দিকে রাজধানীর ব্যস্ত সড়ক শাহজাহানপুরের আমতলা মসজিদ এলাকায় জাহিদুলকে গুলি করে হত্যা করা হয়। এ সময় এলোপাথাড়ি গুলিতে রিকশায় থাকা কলেজছাত্রী সামিয়া আফনান প্রীতিও নিহত হন।