Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

টিপু-প্রীতি হত্যার সাড়ে ১৪ মাস পর ৩৩ জনকে আসামি করে অভিযোগপত্র

ডিবি পুলিশের অতিরিক্ত কমিশনার হারুন অর রশীদ বলেন, অভিযোগপত্রে স্থানীয় আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের নেতাসহ ৩৩ জনকে আসামি করা হয়েছে  

আপডেট : ০৫ জুন ২০২৩, ০৩:৫৩ পিএম

সাড়ে ১৪ মাস ধরে তদন্ত চলার পর মতিঝিলের সাবেক আওয়ামী লীগ নেতা জাহিদুল ইসলাম টিপু ও কলেজছাত্রী সামিয়া আফনান প্রীতি হত্যা মামলার অভিযোগপত্র আদালতে জমা দিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।

সোমবার (৫ জুন) শাজাহানপুর থানার আদালতের সাধারণ নিবন্ধন শাখায় এই অভিযোগপত্র জমা দেন মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক ইয়াসিন শিকদার। মামলার পরবর্তী তারিখ আগামী ১৫ জুন দিন ধার্য করা হয়েছে।

ডিবি পুলিশের অতিরিক্ত কমিশনার হারুন অর রশীদ সাংবাদিকদের বলেন, “অভিযোগপত্রে স্থানীয় আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের নেতাসহ ৩৩ জনকে আসামি করা হয়েছে। টিপু হত্যা মামলার তদন্তে ৩৪ জনের সংশ্লিষ্টতা পায় ডিবি। তাদের মধ্যে এক্সএল সোহেল নামে এক সন্দেহভাজনের পরিচয় নিশ্চিত করতে না পারায় তাকে অভিযোগপত্রে রাখা হয়নি। বাকি ৩৩ জনকে আসামি করা হয়েছে। এদের মধ্যে ২৪ জন গ্রেপ্তার হয়েছেন, ৯ জন এখনো পলাতক।”

বিদেশে পলাতক আন্ডারওয়ার্ল্ডের দুই সন্ত্রাসী জিসান ও ফ্রিডম মানিকও আছেন আসামির তালিকায়। এছাড়া উল্লেখযোগ্য আসামিরা হলেন- ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আশরাফ তালুকদার, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ১০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা মারুফ আহমেদ মনসুর, মতিঝিল থানা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম, মতিঝিল থানা জাতীয় পার্টির নেতা জুবের আলম খান রবিন, হাবীবুল্লাহ বাহার কলেজ ছাত্রলীগের সাবেক আহ্বায়ক সোহেল শাহরিয়ার, ১০ নম্বর ওয়ার্ড যুবলীগের বহিষ্কৃত সভাপতি মারুফ রেজা সাগর, ১১ নম্বর ওয়ার্ডের সাবেক সভাপতি কামরুজ্জামান বাবুল, ১০ নম্বর ওয়ার্ড যুবলীগের সাবেক সদস্য কাইল্যা পলাশ, একই ওয়ার্ড যুবলীগের সাবেক নেতা আমিনুল, ছাত্রলীগের সাবেক আহ্বায়ক “ঘাতক” সোহেল, সুমন শিকদার মুসা, মুসার ভাগনে সৈকত, মুসার ভাতিজা শিকদার আকাশ, ইমরান হোসেন জিতু, মোল্লা শামীম, রাকিব, বিডি বাবু, ওমর ফারুক, “কিলার” নাসির, রিফাত, ইশতিয়াক হোসেন জিতু, মাহবুবুর রহমান টিটু, হাফিজ, মাসুম ও রানা মোল্লা।

২০২২ সালের ২৪ মার্চ রাত সোয়া ১০টার দিকে শাজাহানপুরে ইসলামী ব্যাংকের পাশে বাটার শো-রুমের সামনে আওয়ামী লীগ নেতা জাহিদুল ইসলাম টিপুকে গুলি করে হত্যা করা হয়। এ সময় গাড়ির পাশে রিকশায় থাকা সামিয়া আফরান প্রীতি (১৯) নামে এক কলেজছাত্রীও নিহত হন। এছাড়া টিপুর গাড়িচালক মুন্না গুলিবিদ্ধ হন।

চাঞ্চল্যকর এ হত্যাকাণ্ডের পর ওইদিন রাতেই শাজাহানপুর থানায় নিহত টিপুর স্ত্রী ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) সংরক্ষিত কাউন্সিলর ফারহানা ইসলাম ডলি বাদী হয়ে হত্যা মামলা করেন। এতে অজ্ঞাতদের আসামি করা হয়।

মামলার এজাহারে টিপুর স্ত্রী অভিযোগ করেন, ২০২২ সালের ২৪ মার্চ রাত সোয়া ১০টার দিকে শাজাহানপুর থানার ২০২ উত্তর শাজাহানপুর মানামা ভবনের বাটার দোকানের সামনে পৌঁছানো মাত্রই অজ্ঞাত পরিচয়ের দুর্বৃত্তরা হামলা করে। তারা জাহিদুল ইসলাম টিপুকে পরিকল্পিতভাবে হত্যার উদ্দেশ্যে আগ্নেয়াস্ত্র দিয়ে এলোপাতাড়ি গুলি করে।

   

About

Popular Links

x