ভারতের মধ্যপ্রদেশের সাগর জেলায় ভেজাল মদ পানে কমপক্ষে ৯ জনের মৃত্যু হয়েছে।
ভারতের সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে বলছে, শনিবার (৫ সেপ্টেম্বর) রাতে মদপানের পর অসুস্থ হয়ে পড়েন তারা।
জানা যায়, জেলাটির ঘুঘর, নওরোজ, বারাজ ও তার আশপাশের এলাকার বাসিন্দারা শনিবার রাতে মদ পান করেছিলেন। এরপর অনেকটা হঠাৎ করেই তাদের শারীরিক অবস্থার অবনতি হতে থাকে।
পরিবারের সদস্যরা দ্রুত তাদের চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন।
ভেজাল মদ পানের কারণেই এসব মৃত্যু ঘটেছে বলে ধারণা করা হলেও কর্তৃপক্ষ এখনও আনুষ্ঠানিকভাবে বিষয়টি নিশ্চিত করেনি।
পুলিশ বলছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পরই মৃত্যুর সঠিক কারণ জানা সম্ভব হবে।
গত মাসে গুজরাটের ভাবনগর জেলায় ভেজাল মদ পানে ১৩ জনের মৃত্যু হয়। একইসঙ্গে প্রচুর মানুষ হাসপাতালে ভর্তি হয়। ওই ঘটনায় চারজন সন্দেহভাজন অবৈধ মদ বিক্রেতাকে আটক করে কর্তৃপক্ষ।



