ঈদযাত্রায় রাজধানীর সদরগাঠে লঞ্চে হুড়োহুড়ি করে উঠতে গিয়ে এক যাত্রীর পা প্রায় বিচ্ছিন্ন হয়ে গেছে। আরেক যাত্রীর পা ভেঙে গেছে। লঞ্চ ও পন্টুনের মধ্যবর্তী স্থানে তাদের পা চাপা পড়ে এ অবস্থার সৃষ্টি হয়। আহতরা হলেন পটুয়াখালীর শাহজালাল (৩৭) ও কবির হোসেন।
সদরঘাটের নৌ পুলিশের নিয়ন্ত্রণকক্ষ সূত্র জানায়,রবিবার (১ মে) সকাল সাড়ে সাতটার দিকে পটুয়াখালীগামী এমভি পূবালী-১২ লঞ্চটি ঘাটে ভিড়লে এতে ওঠার জন্য যাত্রীরা হুড়োহুড়ি শুরু করে। এ সময় লঞ্চ ও পন্টুনের মাঝে চাপা খেয়ে শাহজালালের বাঁ পা হাঁটুর নিচ থেকে প্রায় বিচ্ছিন্ন হয়ে যায়। আর কবির হোসেনের ডান পা হাঁটুর নিচ থেকে ভেঙে যায়।
পরে তাদের উদ্ধার করে মিটফোর্ড হাসপাতালে পাঠানো হয় বলে জানায় নৌ পুলিশ।