ঢাকার সাভারে বেসরকারি বিশ্ববিদ্যালয় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির একটি বহুতল ভবন থেকে পড়ে এ বি এম তকি তানভীর (২৫) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
সোমবার (২৩ মে) দুপুরে আশুলিয়ার দত্তপাড়ায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাসে এ ঘটনা ঘটে। তানভীর বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের সপ্তম সেমিস্টারের শিক্ষার্থী ছিলেন।
আরও পড়ুন- এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটি ভবন থেকে লাফিয়ে শিক্ষার্থীর ‘আত্মহত্যা’
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও শিক্ষার্থীরা জানান, দুপুরে ইউনিভার্সিটির একাডেমিক ভবন-১ থেকে নিচে পড়ে যান তানভীর। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির পরিচালক ( স্টুডেন্ট অ্যাফেয়ার্স) ড. সৈয়দ মিজানুর রহমান বলেন, “আটতলা একাডেমিক ভবন-১ থেকে পড়ে শিক্ষার্থী তানভীর মারা গেছে। ঘটনাটি আত্মহত্যা না কেউ তাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে তা নিশ্চিত না। ভবনের ছাদ বা কয় তলা থেকে পড়েছে সে বিষয়ে সিসিটিভির ফুটেজ দেখে বলতে হবে। বিষয়টি নিয়ে পুলিশ তদন্ত করছে।”
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মঈনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, “নিহত শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাটি আত্মহত্যা, হত্যা নাকি দুর্ঘটনা তা ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে বলা যাবে।”