গোপালগঞ্জ সদরে থাকছে না ভূমি ও গৃহহীন পরিবার

ভূমি ও গৃহহীনমুক্ত হচ্ছে গোপালগঞ্জ সদর উপজেলা। আগামী ২১ জুলাই প্রধানমন্ত্রী শেখ হাসিনা গোপালগঞ্জ সদর উপজেলার ১৬২টি ভূমি ও গৃহহীন পরিবার প্রতি ১টি করে ঘর ও ২ শতাংশ জমি উপহার দেবেন। এর মধ্য দিয়ে গোপালগঞ্জ সদর উপজেলার ২১টি ইউনিয়নে আর কোনো ভূমিহীন ও গৃহহীন পরিবার থাকবে না।

গোপালগঞ্জ সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আলাউদ্দিন জানান, গোপালগঞ্জ সদর উপজেলায় ১ হাজার ৮২৪টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে চিহ্নিত করে তালিকা করা হয়। প্রথম ধাপে ৪৮০টি পবিরাকে ঘর দেওয়া হয়। দ্বিতীয় ধাপে ঘর পায় ৬৩১টি পরিবার। ঈদের আগে তৃতীয় ধাপের প্রথম কিন্তিতে ৫১১টি ঘর বিতরণ করা হয়। তৃতীয় ধাপের শেষ কিস্তিতে ২১ জুলাই ১৬২টি ঘর দেওয়া হবে। এর মধ্যদিয়ে ১ হাজার ৮২৪টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ঘর ও জমি দেওয়া হবে হবে। ফলে এই উপজেলায়  ভূমিহীন ও গৃহহীন পরিবার আর থাকছে না। 

সারাদেশের মধ্যে গোপালগঞ্জ সদর উপজেলায় সর্বোচ্চ ১ হাজার ৮২৪টি ঘর নির্মাণ করে বিতরণ করা হচ্ছে বলে জানান ওই কর্মকর্তা।

তিনি আরও বলেন, “শুধু ঘর আর জমি দিয়েই আমরা দায়িত্ব শেষ করছি না। পরিবারগুলোর বিদ্যুৎ এবং নিরাপদ পানির ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি তাদের কর্মসংস্থানের জন্য প্রশিক্ষণ ও উপকরণ দেওয়া হচ্ছে। শিশুদের লেখাপড়া নিশ্চিতেও কাজ করা হচ্ছে।এছাড়া আশ্রয়ণে বৃক্ষরোপন করা হয়েছে। সেখানে শাকসবজি উৎপাদনেও তাদের প্রশিক্ষণসহ সব ধরণের সহায়তা করা হচ্ছে। 

গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মহসিন উদ্দিন বলেন, “প্রধানমন্ত্রী শেখ হাসিনার অগ্রাধিকার ভিত্তিক প্রকল্প এটি। প্রতিটি ঘরে ২টি কক্ষ, একটি বারান্দা, ১টি বাথরুম ও একটি রান্নাঘর থাকছে।”

উল্লেখ্য, বৃহস্পতিবার ২৬ হাজার ২২৯টি পরিবারের হাতে ঘরের চাবি হস্তান্তরের মধ্য দিয়ে ভূমি ও গৃহহীনমুক্ত হচ্ছে দুটি জেলাসহ ৫৪টি উপজেলা। ভিডিও কনফারেন্সের মাধ্যমে পাঁচটি আশ্রয়ণ প্রকল্পে যুক্ত হয়ে এই ঘরগুলো হস্তান্তর করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গৃহহীনমুক্ত জেলা হিসেবে আত্মপ্রকাশ করবে পঞ্চগড় ও মাগুরা।

প্রকল্পগুলো হচ্ছে, লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরকলাকোপা আশ্রয়ণ প্রকল্প, বাগেরহাটের রামপাল উপজেলার গৌরম্ভা আশ্রয়ণ প্রকল্প, ময়মনসিংহের নান্দাইল উপজেলার চর ভেলামারী আশ্রয়ণ প্রকল্প, পঞ্চগড় সদর উপজেলার মাহান পাড়া আশ্রয়ণ প্রকল্প এবং মাগুরার মহম্মদপুর উপজেলার জঙ্গালিয়া আশ্রয়ণ প্রকল্প।

এই প্রকল্পের আওতায় এরই মধ্যে পঞ্চগড় জেলার আটোয়ারী, পঞ্চগড় সদর, দেবীগঞ্জ, তেতুলিয়া, বোদার শতভাগ ও মাগুরা জেলার মাগুরা সদর, শ্রীপুর, মহম্মদপুর, শালিখার শতভাগসহ বিভিন্ন জেলার মোট ৫৪টি উপজেলায় আর কোনো গৃহহীন থাকছে না।