দেশের ৫৫.৮৯% মানুষ মোবাইল ফোন ব্যবহার করে

দেশের জনসংখ্যার ৫৫.৮৯% মানুষ মোবাইল ফোন ব্যবহার। ইন্টারনেট ব্যবহার করে ৩০.৬৮% মানুষ।

জনশুমারি ও গৃহগণনা-২০২২ এর প্রাথমিক তথ্যে এ কথা জানানো হয়।

বুধবার (২৭ জুলাই) রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এ তথ্য উপস্থাপন করেন “জনশুমারি ও গৃহগণনা-২০২১” প্রকল্প পরিচালক দিলদার হোসেন।

প্রাথমিক প্রতিবেদনে বলা হয়, ২০২২ সালে ৫ বছর ও তদূর্ধ্ব বয়সীদের মধ্যে ৩০.৬৮% এবং ১৮ বছর ও তদূর্ধ্ব বয়সীদের মধ্যে ৩৭.০১% মানুষ গত তিন মাসে ইন্টারনেট ব্যবহার করেছে।

লিঙ্গভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, মোবাইল ফোন ব্যবহারকারীর সংখ্যা ৫ বছর ও তদূর্ধ্ব বয়সীদের মধ্যে ৫৫.৮৯%। এদের মধ্যে ১৮ বছর ও তদূর্ধ্ব বয়সীদের মধ্যে ৭২.৩১% জনসংখ্যার নিজে ব্যবহারের জন্য মোবাইল ফোন রয়েছে।

লিঙ্গভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, ৫ বছর ও তদূর্ধ্ব বয়সীদের মধ্যে ৬৬.৫৩% পুরুষের এবং ৪৫.৫৩% নারীর; ১৮ বছর ও তদূর্ধ্ব বয়সীদের মধ্যে ৮৬.৭২%  পুরুষের এবং ৫৮.৮৩% নারীর নিজ ব্যবহারের জন্য মোবাইল ফোন রয়েছে। 

বিভাগভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, উভয় শ্রেণির বয়সীদের মধ্যে নিজ ব্যবহারের মোবাইল ফোন রয়েছে এমন জনসংখ্যা সর্বাধিক ঢাকা বিভাগে এবং সর্বনিম্ন সিলেট বিভাগে।

জনশুমারি ও গৃহগণনা-২০২২ প্রতিবেদন অনুযায়ী,  ৫ বছর ও তদূর্ধ্ব বয়সীদের মধ্যে ৩৮.০২% পুরুষ এবং ২৩.৫২% নারী; ১৮ বছর ও তদূর্ধ্ব বয়সীদের মধ্যে ৪৬.৫৩% পুরুষ এবং ২৮.০৯%  নারী গত তিন মাসে ইন্টারনেট ব্যবহার করেছে।

বিভাগভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, উভয় শ্রেণির বয়সীদের মধ্যে গত তিন মাসে ইন্টারনেট ব্যবহার করেছে এমন জনসংখ্যা সর্বাধিক ঢাকা বিভাগে এবং সর্বনিম্ন রংপুর বিভাগে।

জনশুমারির তথ্য অনুযায়ী, দেশের জনসংখ্যা ১৬ কোটি ৫১ লাখ ৫৮ হাজার ৬১৬ জন। এর মধ্যে পুরুষ ৮ কোটি ১৭ লাখ ১২ হাজার ৮২৪ এবং নারী ৮ কোটি ৩৩ লাখ ৪৭ হাজার ২০৬ জন। এছাড়া, তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠী ১২ হাজার ৬২৯ জন। মোট জনসংখ্যার মধ্যে ক্ষুদ্র নৃগোষ্ঠীর সংখ্যা ১৬ লাখ ৫০ হাজার ১৫৯ জন।