বিভাগীয় হিসেবে দেশের সবচেয়ে বেশি সাংসারিক বরিশালের মানুষ। এই বিভাগটিতে তালাক ও বিচ্ছেদের সংখ্যা অন্য বিভাগের তুলনায় খুবই কম। জনশুমারি ২০২২-এ প্রকাশিত প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য। বরিশাল বিভাগে বিবাহবিচ্ছেদের হার ০.৩১%।
বুধবার (২৭ জুলাই) রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) প্রথম ডিজিটাল ‘‘জনশুমারি ও গৃহগণনা ২০২২’’-এর প্রাথমিক প্রতিবেদন প্রকাশনা অনুষ্ঠানে এ ফলাফল জানানো হয়। গত ১৫ জুন দেশব্যাপী একযোগে শুরু হয় জনশুমারি ও গৃহগণনা কার্যক্রম। ২১ জুন শেষ হওয়ার কথা থাকলেও উত্তর-পূর্বাঞ্চলের বন্যাকবলিত জেলাগুলোতে শুমারি কার্যক্রম চলে ২৮ জুন পর্যন্ত।
প্রতিবেদন প্রকাশনা অনুষ্ঠানে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী, জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন, পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব ড. শাহনাজ আরেফিন। প্রাথমিক প্রতিবেদন বিষয়ক উপস্থাপনা করেন প্রকল্প পরিচালক মো. দিলদার হোসেন।
এতে জানানো হয়, দেশের মোট জনসংখ্যা এখন ১৬ কোটি ৫১ লাখ ৫৮ হাজার ৬১৬ জন। যেখানে ৮ কোটি ১৭ লাখ পুরুষ ও ৮ কোটি ৩৩ লাখ নারী। ১২ হাজার ৬২৯ জন তৃতীয় লিঙ্গের মানুষ।
বিভাগওয়ারী বৈবাহিক অবস্থার তালিকায় গিয়ে দেখা যায়, বরিশাল বিভাগে ২৭.২০% মানুষ অবিবাহিত। এদিক থেকে বরিশালের নিচে অর্থাৎ, বিবাহে অনাগ্রহে মাত্র তিনটি বিভাগ রয়েছে। অন্যদিকে, বরিশালে বিবাহিত মানুষ ৬৬.৬৬%। এদিক থেকে এ বিভাগের চেয়ে এগিয়ে মাত্র তিনটি জেলা।
সে তুলনায় বরিশাল বিভাগে তালাক ০.২৯%। এ সংখ্যার নিচে আর কোনো বিভাগ নেই। অর্থাৎ বরিশাল বিভাগে তালাক ও বিচ্ছেদের হার সবচেয়ে কম।