দুই শর্তে জামিন পেয়েছেন ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বহিষ্কৃত সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাট। এর আগে তিনি আরও তিনটি মামলায় জামিন পেয়েছেন। ফলে তার মুক্তি পেতে আইনি আর কোনো বাধা নেই।
সোমবার (২২ আগস্ট) ঢাকার বিশেষ জজ আদালত-৬ এর বিচারক আল আসাদ মো. আসিফুজ্জামান শুনানি শেষে এ আদেশ দেন। আদালতের সংশ্লিষ্ট সূত্র বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছে।
আরও পড়ুন- আপিল বিভাগে সম্রাটের জামিন বাতিলের আদেশ বহাল
অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদকের করা মামলার শুনানিতে আদালত উল্লেখ করেন, ইসমাইল চৌধুরী সম্রাটের জামিন দুই শর্তে মঞ্জুর করা হয়েছে। তাকে আদালতে পাসপোর্ট জমা দিতে হবে এবং তিনি বিদেশে যেতে পারবেন না।
সোমবার এ মামলায় সম্রাটের জামিনের শুনানি এবং অভিযোগ গঠন শুনানির দিন ধার্য ছিল। ফলে সকাল সাড়ে ১০টায় সম্রাটকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএসএমইউ) থেকে আদালতে হাজির করা হয়।
আরও পড়ুন- সম্রাটকে কারাগারে পাঠানোর আদেশ
আদালতে সম্রাটের পক্ষে জামিন শুনানি করেন আইনজীবী এহসানুল হক সমাজী। জামিনের বিরোধিতা করেন রাষ্ট্রপক্ষ। উভয় পক্ষের শুনানি শেষে বিচারক জামিন মঞ্জুর করেন।
আরও পড়ুন- বহিষ্কৃত যুবলীগ নেতা সম্রাটের জামিন বাতিল, আত্মসমর্পণের নির্দেশ
উল্লেখ্য, ২০১৯ সালের ৬ অক্টোবর ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের নেতা ইসমাইল হোসেন চৌধুরী সম্রাট ও তার সহযোগী এনামুল হক ওরফে আরমানকে কুমিল্লা থেকে গ্রেপ্তার করে র্যাব। পরে সম্রাটের বিরুদ্ধে অস্ত্র ও মাদক নিয়ন্ত্রণ আইনে রমনা থানায় মামলা করা হয়। পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) সম্রাটের বিরুদ্ধে মানি লন্ডারিং (অর্থ পাচার) আইনে মামলা করে। আর অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা করে দুদক।