ঢাকা লিট ফেস্টে এসে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক কোচ স্যার গর্ডন গ্রিনিজ দাবি করেছেন, বর্তমান সময়ে ক্রিকেট এখন অনেকটাই ব্যাটারদের হয়ে গেছে। সেই সঙ্গে ক্রিকেটে ব্যাটার এবং বোলারদের সাম্য প্রতিষ্ঠা করা উচিত বলে মন্তব্য করেছেন এই ক্যারিবিয় ক্রিকেট কিংবদন্তি।
রবিবার (৮ জানুয়ারি) ঢাকা লিট ফেস্টের চতুর্থ ও শেষ দিনে “আই অন দ্য বল” শীর্ষক সেশনে এই কথা বলেন গর্ডন গ্রিনিজ। দুপুর সাড়ে ১২টায় বাংলা একাডেমির আব্দুল করিম সাহিত্য বিশারদ মিলনায়তনে ইউসুফ রহমান বাবুর সঞ্চালনায় স্যার গর্ডন গ্রিনিজের সঙ্গে আলোচনায় অংশ নেন জিম্বাবুয়ে জাতীয় দলের সাবেক খেলোয়াড় হ্যামিল্টন মাসাকাদজা। সেশনে তাদের খেলোয়াড়ি জীবন, অনুপ্রেরণা ও অর্জন নিয়ে আলোচনা হয়।
আধুনিক সময়ে ক্রিকেট ব্যাটারবান্ধব হয়ে যাচ্ছে দাবি করে গ্রিনিজ বলেন, “আমাদের বোলার ও ব্যাটারদের সাম্য প্রতিষ্ঠা করা উচিত।”
আধুনিক ক্রিকেট ব্যাটারবান্ধব হওয়ার পেছনে সময় বাঁচানো বিনোদনের জন্য টেস্টের চেয়ে টি-টোয়েন্টি ফরম্যাটের জনপ্রিয়তা বেড়ে যাওয়াকে অন্যতম কারণ বলে উল্লেখ করেন গর্ডন গ্রিনিজ। এ কারণে নীতিনির্ধারকের পাশাপাশি দর্শকদেরও দায় দেখছেন তিনি।
দর্শকদের প্রতি এই ক্যারিবীয় কিংবদন্তির উদাত্ত আহ্বান, “দয়া করে দর্শক হিসেবে আপনারা খেলাটিকে বাঁচিয়ে রাখুন।”
ক্রিকেটার ও দর্শকদের ওপর গণমাধ্যমের প্রভাব সম্পর্কে তিনি বলেন, “গণমাধ্যমে আরও বুঝে-শুনে কোনো খেলোয়াড়ের প্রশংসা বা দুর্নাম করা উচিত।”
সত্তর ও আশির দশকের মাঝামাঝি পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজ ছিল রীতিমতো পরাশক্তি। কিন্ত ১৯৮৩ বিশ্বকাপের ফাইনালে ভারতের কাছে ক্যারিবীয়দের হারকে আজও ক্রিকেট ইতিহাসের বড় “অঘটন” বলে ধরা হয়।
“আই অন দ্য বল” সেশনের সঞ্চালক গর্ডন গ্রিনিজকে ১৯৮৩ সালের বিশ্বকাপের ফাইনাল ম্যাচটি ভারতের কাছে হারার কারণ জানতে চাইলে তিনি বলেন, “ক্রিকেটে যেকোনো দল নিজেদের দিনে যে কাউকে হারাতে পারে। তবে আমি এখনও বিশ্বাস করতে পারছি না, আমরা কীভাবে হেরে গিয়েছিলাম।”
উল্লেখ্য, শনিবারে সত্তর ও আশির দশকে বাংলাদেশের কিংবদন্তি ব্যাটার ইউসুফ রহমান বাবুর “আই অন দ্য বল” বইটির মোড়ক উন্মোচন হয়। বইয়ের নামেই সেশনটির নামকরণ করা হয়েছে।