পাসপোর্টে ডলারের অনুমতির আগে তথ্য যাচাইয়ের নির্দেশ

পাসপোর্টে ডলার এনডোর্সমেন্টে নতুন শর্ত যুক্ত করে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে গ্রাহকের ব্যয় করা ডলার অনলাইনে যাচাই করা ছাড়া এনডোর্স করা যাবে না।

মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে বাংলাদেশ ব্যাংক। দেশের বাজারে বৈদেশিক মুদ্রা বা ডলারের সংকট চরম আকার ধারণ করায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

প্রসঙ্গত, বিদেশ যেতে পাসপোর্টে ডলার ব্যবহারের অনুমতি (এনডোর্সমেন্ট) নিতে হয়। একজন বাংলাদেশি নাগরিক বছরে ১২ হাজার ডলার পর্যন্ত দেশের বাইরে খরচ করতে পারেন। এই অনুমোদন দেয় সরকারি-বেসরকারি ব্যাংক ও মানি চেঞ্জারগুলো। ডলার খরচ কমাতে এখন থেকে যাচাই-বাছাই করে পাসপোর্টে ডলার ব্যবহারের অনুমোদন দিতে বলেছে বাংলাদেশ ব্যাংক।

পাশাপাশি কী পরিমাণ ডলার খরচ করেছে, তা-ও যাচাই করে দেখতে বলা হয়েছে। দেশের কেউ যাতে বিদেশ গিয়ে সীমার বেশি ডলার খরচ করতে না পারেন, সে জন্য এ নির্দেশনা দেওয়া হয়েছে।



প্রজ্ঞাপনে বলা হয়, পাসপোর্টের পাতায় পূর্ববর্তী এনডোর্সমেন্ট আবশ্যিকভাবে যাচাইয়ের পাশাপাশি ওই পাসপোর্টের বিপরীতে গ্রাহকের ব্যয় করা বৈদেশিক মুদ্রার পরিমাণ বাংলাদেশ ব্যাংকের অনলাইন টিএম ফর্ম মনিটরিং সিস্টেম (ওটিএফএমএস), ইন্টারন্যাশনাল কার্ড মনিটরিং সিস্টেম (আইসিএমএস) ও অনলাইন মানি চেঞ্জার মনিটরিং সিস্টেমে (ওএমসিএমএস) যাচাই করে বৈদেশিক মুদ্রা এনডোর্স করতে হবে। এ ক্ষেত্রে পূর্ববর্তী পাসপোর্ট নম্বরের (যদি থাকে) বিপরীতে একই বছর ব্যয় করা বৈদেশিক মুদ্রার পরিমাণ অবশ্যই যাচাই করতে হবে।