Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

মঙ্গলবার রাতে রাজধানীর মুগদায় একটি বাসা থেকে ওই কর্মকর্তার মরদেহ উদ্ধার করে পুলিশ 

 

আপডেট : ০৩ জুন ২০২৬, ০৪:২৭ পিএম

রাজধানীর মুগদা এলাকার একটি বাসা থেকে বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক তানভীর হুসাইন শুভর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (২ জুন) রাত আনুমানিক ১০টা ৩০ মিনিটের দিকে উত্তর মুগদার ৫৮/১১ নম্বর বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।  

বিষয়টি নিশ্চিত করে মুগদা থানার উপ-পরিদর্শক (এসআই) বোরহান জানান, বাসা থেকে দুর্গন্ধ বের হতে দেখে বাড়িওয়ালা পুলিশকে খবর দেন। তিনি ওই বাসায় একা বসবাস করতেন। 

তিনি বলেন, “পরে পুলিশ দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে কর্মকর্তাকে বাসার ভেতরে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। তীব্র দুর্গন্ধের কারণে রাত আনুমানিক ১১টা পর্যন্ত মরদেহ নামানো সম্ভব হয়নি।” 

এসআই আরও জানান, ধারণা করা হচ্ছে ওই কর্মকর্তা দুই থেকে তিন দিন আগেই মারা গেছেন।

তার ভাষ্যমতে, ঈদের দিন (২৮ মে) বাড়িওয়ালার সঙ্গে ওই কর্মকর্তার শেষ কথা হয়। এরপর থেকে তার সঙ্গে আর কোনো যোগাযোগ হয়নি। এর পরবর্তী কোনো সময়ে তিনি মারা যান বলে ধারণা করা হচ্ছে।

পুলিশ প্রাথমিকভাবে ঘটনাটিকে আত্মহত্যা হিসেবে সন্দেহ করছে জানিয়ে তিনি আরও বলেন, “ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।”

এদিকে পরিবারের পক্ষ থেকে অপমৃত্যুর মামলা করা হয়েছে বলে জানায় পুলিশ। গত মঙ্গলবার রাতে রাজধানীর মুগদা থানায় মামলাটি করেন তার ভাই তানিম হোসেইন শাওন।

   

About

Popular Links

x