প্রেমিক অন্যত্র বিয়ে করায় কিশোরীর ‘আত্মহত্যা’

রাজধানী ঢাকার মধ্য বাড্ডার এলাকায় মোছা. সাদিয়া খাতুন নামে (১৪) এক কিশোরী বিষপানে আত্মহত্যা করেছে বলে দাবি করেছে তার পরিবার।

শুক্রবার ( ১০ ফেব্রুয়ারি) রাতেমধ্য বাড্ডায় পোস্ট অফিসের গলির একটি ভাড়া বাসায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে অচেতন অবস্থায় ও কিশোরীকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগের নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক  মৃত ঘোষণা করেন।

ঢামেক পুলিশ ক্যাম্পের পুলিশ পরিদর্শক বাচ্চু মিয়া সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, “মরদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে।”

মৃত সাদিয়ার বাবা রিকশাচালক হোসেন আলী জানান,মধ্য বাড্ডার একই বাড়ির আরেক ভাড়াটিয়া যুবকের সঙ্গে দেড় মাস যাবত সাদিয়ার সম্পর্ক চলছিল। সাদিয়াকে বিয়ের প্রলোভনও দেখিয়েছিল ওই যুবক। শুক্রবার ওই ছেলে অন্য মেয়েকে বিয়ে করে নিয়ে আসে। তা দেখে সাদিয়া অভিমানে রাত ৮টার দিকে বিষপান করে বলে জানান তার বাবা।

তিন বলেন, “সাদিয়াকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক তাকে ঘোষণা করেন।”

পেশায় রিকশাচালক হোসেন আলীর চার মেয়ের মধ্যে সাদিয়া দ্বিতীয়।