রাজধানীর খিলগাঁওয়ের নবীনবাগ এলাকার একটি বাসা থেকে লামিয়া আক্তার অর্পিতা (২৩) নামে এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।
রবিবার (২৬ মার্চ) দিবাগত রাতে খিলগাঁওয়ের নবীনবাগ এলাকার একটি বাসা থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।
খিলগাঁও থানার উপপরিদর্শক (এসআই) সোনিয়া পারভীন ঢাকা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
জানা গেছে, অর্পিতা বরিশালের বাকেরগঞ্জ উপজেলার মৃত আব্দুর রশিদ খানের মেয়ে। তিনি নবীনবাগে স্বামীর সঙ্গে থাকতেন।
মৃতের বড় বোন মানসুরা আক্তার মাঈশা জানান, রবিবার রাতে তিনি অর্পিতাকে ফোন করেন। ফোনে না পেয়ে রাতে বাসায় গিয়ে দরজা ভেতর থেকে বন্ধ পান। পরে দরজা ভেঙে অর্পিতাকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখেন। খবর পেয়ে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।
তিনি বলেন, “এক বছর আগে বিয়ে করে অর্পিতা। তার স্বামীর নাম সাইফ। ঘটনার সময় সে বাসায় ছিল না। মৃত্যুর খবর শুনেও আসেনি। অর্পিতা একটি কল সেন্টারে চাকরি করতো। তার স্বামী প্রাইভেট ফার্মে চাকরি করে।”