লালবাগে কভার্ডভ্যানের ধাক্কায় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর মৃত্যু

রাজধানীর লালবাগে কভার্ডভ্যানের ধাক্কায় সানজিদা আক্তার তামান্না নামে নর্থ সাউথ ইউনিভার্সিটির এক শিক্ষার্থী নিহত হয়েছেন।

তিনি নর্থ সাউথ ইউনিভার্সিটির তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।

শুক্রবার (৩১ মার্চ) রাতে লালবাগ বেরীবাধ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। লালবাগ থানার (এসআই) আক্তার হোসেন ঢাকা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, নিহত সানজিদা আক্তার তামান্না নোয়াখালী জেলার সোনাইমুড়ি ওয়াসেটপুর গ্রামের বাসিন্দা। তিনি কামরাঙ্গীচর এলকায় থাকতেন। শুক্রবার রাতে কাঁঠালবাগান এলাকায় দাওযাতে গিয়েছিলেন তামান্না। সেখান থেকে রাইড শেয়ারিং অ্যাপের মাধ্যমে মোটরসাইকেলযোগে ফিরছিলেন তিনি।

তাকে বহনকারী মোটরসাইকেলটি লালবাগ বেরীবাধ এলাকায় শামীম গার্মেন্টসের সামনে পৌঁছালে একটি কভার্ড ভ্যানের সঙ্গে ধাক্কা লাগে। তামান্নাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতাল নেওয়া হয়। পরে সেখান থেকে রাত সোয়া বারোটায় দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে জানান এসআই আক্তার হোসেন। 

ময়নাতদন্তের জন্য মৃতদেহটি ঢামেক মর্গে রাখা হয়েছে। 

এ ঘটনায় অভিযুক্ত কর্ভাডভ্যান ও তামান্নাকে বহনককারী মোটরসাইকেল চালককে আটক করা হয়েছে বলে জানান তিনি।