গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে শাহানাজ বেগম (৫৯) নামে এক হাজতির মৃত্যু হয়েছে। মৃত শাহানাজ বেগম পাবনার সুজানগর উপজেলার নামাপাড়া গ্রামের রাজ্জাক মিয়ার স্ত্রী।
শনিবার (২১ মে) বিকেলে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের ভারপ্রাপ্ত জেলার সৈয়দ শাহ্ শরীফ জানান, শাহানাজ বেগম কারাগারের ভেতরে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। বিকেল পৌনে ৪টার দিকে তাকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষা করে বিকেল ৫টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
জেলার আরও জানান, ওই নারী আগে থেকেই অসুস্থ ছিলেন। নারী ও শিশু নির্যাতন আইনে ঢাকার কামরাঙ্গীরচর থানার একটি মামলায় তিনি কারাগারে ছিলেন। তার হাজতি নম্বর ছিল ৬২২/১৬। মরদেহ হাসপাতালের মর্গে রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।