বগুড়ায় ট্রেনের ধাক্কায় লাভলী বেগম (৪৫) নামে এক নারী মারা গেছেন। রেললাইন পার হওয়ার সময় ট্রেনের সঙ্গে ধাক্কা লেগে ছিটকে পড়ে ঘটনাস্থলেই তিনি নিহত হন।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকালে নগরীর সাবগ্রাম এলাকায় রেল লাইনে এ দুর্ঘটনা ঘটে।
পরিবারের উদ্ধৃতি দিয়ে সান্তাহার রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল উদ্দিন জানান, ওই নারী মানসিক ভারসাম্যহীন ছিলেন।
পুলিশ ও এলাকাবাসীরা জানান, লাভলী বেগম বগুড়া সদরের নারুলী নতুনপাড়ার খাজা নাজিম উদ্দিন সরকার বকুলের স্ত্রী ছিলেন। তিনি প্রায় ছয় বছর ধরে মানসিক রোগে ভুগছিলেন। তাকে বাড়িতে আটকে রাখা হতো।
লাভলী বেগম মঙ্গলবার বেলা পৌনে ১১টার দিকে বাড়ি থেকে বের হয়ে সাবগ্রাম এলাকায় আসেন। আশপাশের দোকান থেকে পান চেয়ে নিয়ে খান। এরপর তিনি সেখানে রেললাইন পার হওয়ার চেষ্টা করেন। এ সময় সান্তাহার ছেড়ে আসা বুড়িমারীগামী করতোয়া এক্সপ্রেস ট্রেনের সঙ্গে ধাক্কা লেগে ছিটকে পড়েন তিনি। এতে তার মাথা ও মুখমণ্ডল থেতলে গিয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান।
বগুড়া রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) বাবলুর রহমান জানান, খবর পেয়ে স্বামী ও সন্তান এসে লাভলী বেগমকে শনাক্ত করেন। তারা জানিয়েছেন, তিনি দীর্ঘ ছয় বছর ধরে মানসিকরোগে ভুগছিলেন। এ নিয়ে কারও কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্তে ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে সান্তাহার রেলওয়ে থানায় অপমৃত্যু মামলা হয়েছে।



