Tuesday, September 08, 2026

সেকশন

English
Dhaka Tribune

চার ঘন্টা বন্ধ থাকার পর ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ স্বাভাবিক

। রাত ১০টার দিকে লাইনচ্যুত বগিটি মূল ট্রেন থেকে বিচ্ছিন্ন করে নিরাপদে আলাদা করা হয়

আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৬ এএম

বগুড়ার সান্তাহার রেলওয়ে জংশন স্টেশনে ঢাকাগামী কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের একটি মালবাহী বগি লাইনচ্যুত হওয়ার প্রায় সাড়ে চার ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে।

সোমবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সান্তাহার জংশন স্টেশনের রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কোনো যাত্রী হতাহত হননি।

সান্তাহার স্টেশন মাস্টার খাদিজা খানম ও সান্তাহার রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

রেলওয়ে ও স্থানীয় সূত্রে জানা যায়, কুড়িগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তঃনগর কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনটি সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সান্তাহার জংশন স্টেশনে প্রবেশ করছিল। এ সময় ট্রেনটির শেষের দিকে থাকা একটি মালবাহী বগি হঠাৎ লাইনচ্যুত হয়। এতে ট্রেনটি স্টেশনেই আটকা পড়ে এবং উত্তরবঙ্গের সঙ্গে ঢাকার রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।

দুর্ঘটনার পরপরই রেলওয়ের উদ্ধারকারী দল ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ শুরু করে। রাত ১০টার দিকে লাইনচ্যুত বগিটি মূল ট্রেন থেকে বিচ্ছিন্ন করে নিরাপদে আলাদা করা হয়। এরপর বাকি বগিগুলো নিয়ে কুড়িগ্রাম এক্সপ্রেস ঢাকার উদ্দেশে ছেড়ে যায়।

পরে রাত সাড়ে ১০টার দিকে একটি উদ্ধারকারী রিলিফ ট্রেন ঘটনাস্থলে পৌঁছে। প্রায় এক ঘণ্টার চেষ্টায় লাইনচ্যুত বগিটি রেললাইন থেকে সরিয়ে নেওয়া হয়। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত রেললাইন মেরামতের কাজ সম্পন্ন করা হয়। লাইন নিরাপদ ঘোষণা করার পর রাত সাড়ে ১১টার দিকে উত্তরবঙ্গের রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

এদিকে কুড়িগ্রাম এক্সপ্রেসের বগি লাইনচ্যুত হওয়ায় যাত্রী ও স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। ট্রেনটির যাত্রী আবদুল আজিজ বলেন, “ট্রেনটি এমনিতেই ৫-৬ ঘণ্টা দেরিতে চলছিল। এর মধ্যে লাইনচ্যুত হওয়ার পর আরও প্রায় সাড়ে চার ঘণ্টা অপেক্ষা করতে হয়েছে। এতে আমি ও অন্য যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হয়েছে।”

স্থানীয় বাসিন্দা পারভেজ প্রামাণিক বলেন, “রেলগেট এলাকায় ট্রেনটি লাইনচ্যুত হওয়ার পর দুই পাশের মানুষের চলাচল দীর্ঘ সময় বন্ধ ছিল। এতে উভয় পাশে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। সাধারণ মানুষকে চরম ভোগান্তিতে পড়তে হয়েছে।”

সান্তাহার স্টেশন মাস্টার খাদিজা খানম জানান, কুড়িগ্রাম এক্সপ্রেসের শেষের একটি মালবাহী বগি লাইনচ্যুত হয়েছিল। ক্ষতিগ্রস্ত বগিটি কেটে আলাদা করে রাখার পর প্রায় দুই ঘণ্টা ১৫ মিনিটের চেষ্টায় ট্রেনটি উদ্ধার করে তিন নম্বর প্ল্যাটফর্মে আনা হয়। পরে ওই বগি রেখেই ট্রেনটি ঢাকার উদ্দেশে যাত্রা করে।

তিনি আরও জানান, রিলিফ ট্রেন ঘটনাস্থলে পৌঁছানোর পর লাইনচ্যুত বগিটি সরিয়ে রেললাইন মেরামত করা হয়। রাত সাড়ে ১১টার দিকে রেল যোগাযোগ স্বাভাবিক হয়। কী কারণে বগিটি লাইনচ্যুত হয়েছে, তা জানতে তদন্ত কমিটি গঠন করা হবে।

   

About

Popular Links

x