Tuesday, September 08, 2026

সেকশন

English
Dhaka Tribune

ফের বাংলাদেশ-ভারত ট্রেন চালুর পরিকল্পনা

এ বিষয়ে দুই দেশের রেল কর্তৃপক্ষের বার্ষিক সভায় আলোচনা হবে বলে জানা গেছে

আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৭ পিএম

অক্টোবরের মধ্যে মৈত্রী, মিতালী ও বন্ধন এক্সপ্রেস চালুর মাধ্যমে বাংলাদেশ ও ভারতের মধ্যে আন্তঃদেশীয় ট্রেন চলাচল পুনরায় শুরুর পরিকল্পনা রয়েছে।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) থেকে ঢাকায় শুরু হতে যাওয়া দুই দেশের রেল কর্তৃপক্ষের বার্ষিক সভায় এ বিষয়ে প্রয়োজনীয় আলোচনা হবে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন। 

ভারতীয় সংবাদমাধ্যম দ্য টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে, ২০২৪ সালের ৫ আগস্টের পর মৈত্রী, বন্ধন ও মিতালী এক্সপ্রেসের চলাচল আনুষ্ঠানিকভাবে স্থগিতের ঘোষণা দেওয়া হয়েছিল।

বাংলাদেশ রেলওয়ে সূত্র অনুযায়ী, দুই প্রতিবেশী দেশের রেলওয়ে কর্তৃপক্ষের দুই দিনব্যাপী বৈঠক মঙ্গলবার ঢাকায় শুরু হবে।

সোমবার বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী বলেন, “আমরা শুধু সীমান্ত ভাগাভাগি করি না, স্বপ্নও ভাগাভাগি করি। আমি আবারও একই কথা বলছি - মানুষে মানুষে সম্পর্ক গুরুত্বপূর্ণ। আমরা পুরোপুরি আত্মবিশ্বাসী যে সঠিক সময়ে (প্রধানমন্ত্রীর সফর) হবে। বাংলাদেশের প্রধানমন্ত্রীর জন্য আমন্ত্রণ সবসময়ই রয়েছে এবং তিনি তা জানেন।”

প্রতিবেদনে বলা হয়েছে, তিনটি ট্রেনের চলাচল পুনরায় শুরুর পাশাপাশি বার্ষিক সভায় রাজশাহী-কলকাতা রুটে নতুন একটি ট্রেন চালুর প্রস্তাব দেবে বাংলাদেশ।

এছাড়া পদ্মা সেতু হয়ে ঢাকা-কলকাতা রুটে মৈত্রী এক্সপ্রেস চালাতে আগ্রহী বাংলাদেশ। উল্লেখ্য, পদ্মা সেতু চালু হওয়ার পরও এতোদিন ট্রেনটি যমুনা সেতু হয়ে চলাচল করেছে।

   

About

Popular Links

x