রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চলে বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) কার্যালয়ে চুরির উদ্দেশ্যে ঢুকে ধরা পড়ার পর মারধরের শিকার হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত যুবকের বয়স আনুমানিক ২৫ বছর হলেও এখনো তার পরিচয় শনাক্ত করা যায়নি।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে সাতটার দিকে তেজগাঁওয়ের সাতরাস্তা এলাকায় বিটিসিএল কার্যালয়ে ঘটনাটি ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে বেলা সাড়ে তিনটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিটিসিএল কার্যালয়ের কেয়ারটেকার শওকত আলী জানান, সকালে তিনজন যুবক দেয়াল টপকে চুরির উদ্দেশ্যে কার্যালয়ের ভেতরে প্রবেশ করে। দায়িত্বরত আনসার সদস্য ও অফিসের কর্মীরা তাদের একজনকে হাতেনাতে ধরে ফেলেন, তবে বাকি দুজন পালিয়ে যেতে সক্ষম হয়।
তিনি আরও জানান, ধরা পড়া যুবকটি পালানোর চেষ্টাকালে এক আনসার সদস্যকে আঘাত করেন। এরপর অফিসের কর্মী ও আনসার সদস্যরা তার হাত বেঁধে মারধর শুরু করেন, যাতে তিনি গুরুতর আহত হন। পরবর্তীতে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের পরিদর্শক (ইনচার্জ) মো. হাবিবুর রহমান জানান, নিহতের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে।



