ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলের বাচোর ইউপি নির্বাচনের ফলাফল ঘোষণাকে কেন্দ্র করে পুলিশের গুলিতে বুধবার (২৭ জুলাই) সন্ধ্যায় ১০ মাস বয়সী এক শিশু নিহত হয়েছেন।
এ ঘটনায় বৃহস্পতিবার নির্বাচন কমিশনের সঙ্গে সংলাপে অংশ নিয়ে প্রশ্ন তুলেছে ড. কামালের নেতৃত্বাধীন গণফোরাম। এর উত্তরে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল বলেছেন, “এ ধরনের সহিংসতা মূলত নির্বাচনের ফলাফল ঘোষণার সময়ে বা তার পরে ঘটে। বুধবারও সেরকমই ঘটেছে।”
সিইসি বলেন, “দেশের রাজনীতির নিয়ন্ত্রণ রাজনৈতিক দলগুলোর হাতে। এখানে কমিশনের করার কিছু নেই। কমিশন শুধু নাগরিকদের ব্যালট পেপারের পাহারাদার। অবাধ ও সুষ্ঠু ও অহিংস নির্বাচন করতে হলে সব রাজনৈতিক দলকে সমঝোতায় আসতে হবে। দেশের রাজনৈতিক সংস্কৃতি ধরে রাখার দায়িত্ব রাজনৈতিক দলগুলোর ওপর; এক্ষেত্রে ইসির কোনো হাত নেই।”
বুধবার দেশের বেশ কিছু জেলায় মোট ৬৮টি ইউনিয়ন পরিষদে ভোটগ্রহণ হয়েছে। এসব নির্বাচনের ফলাফল ঘোষণার পর ইসি সুষ্ঠুভাবে ভোটগ্রহণ হয়েছে বলে এক বিবৃতিতে জানিয়েছে।