Saturday, July 18, 2026

সেকশন

English
Dhaka Tribune

নতুন ভোটার হওয়ার সময়সীমা জানালো ইসি

সিনিয়র সহকারী সচিবের সই করা এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে

আপডেট : ১৮ জুলাই ২০২৬, ০৭:২১ পিএম

স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে নতুন ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তির সুযোগ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ৩১ জুলাই পর্যন্ত যোগ্য নাগরিকরা ভোটার হওয়ার জন্য আবেদন করতে পারবেন।

বুধবার (১৫ জুলাই) ইসির সিনিয়র সহকারী সচিব মো. রশিদ মিয়ার সই করা এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।

নির্বাচন কমিশন জানিয়েছে, ২০০৮ সালের ৩১ জুলাই বা তার আগে জন্মগ্রহণকারী এবং এখনো ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হননি, এমন ব্যক্তিরা আগামী ৩১ জুলাইয়ের মধ্যে আবেদন করলে তাদের স্থানীয় সরকার নির্বাচনের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হবে।

ইসি সূত্রে জানা গেছে, ৯ আগস্ট খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে। তালিকাটি ইউনিয়ন পরিষদ, পৌরসভা এবং উপজেলা বা থানা নির্বাচন অফিসে প্রদর্শনের জন্য রাখা হবে। খসড়া তালিকায় নাম বাদ পড়া বা কোনো তথ্যে ভুল থাকলে ২৪ আগস্ট পর্যন্ত সংশোধন বা নতুন করে অন্তর্ভুক্তির আবেদন করা যাবে। এরপর ৩১ আগস্ট চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন।

এদিকে স্থানীয় সরকার নির্বাচন উপলক্ষে ১০ আগস্ট খসড়া ভোটকেন্দ্রের তালিকা এবং ২৭ আগস্ট চূড়ান্ত ভোটকেন্দ্রের তালিকা প্রকাশের পরিকল্পনা রয়েছে ইসির।

নির্বাচন কমিশনার আবদুর রহমানেল মাছউদ জানিয়েছেন, আগামী অক্টোবর থেকে ইউনিয়ন পরিষদ ও পৌরসভা নির্বাচন দিয়ে স্থানীয় সরকার নির্বাচন শুরু করার পরিকল্পনা রয়েছে কমিশনের। এ লক্ষ্যে আগস্টের মাঝামাঝি বা শেষের দিকে নির্বাচনের তফসিল ঘোষণা করা হতে পারে।

বর্তমানে দেশে মোট ভোটারের সংখ্যা ১২ কোটি ৮৩ লাখ ২৩ হাজার ২৪০ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৫২ লাখ ১২ হাজার ৭৩১ জন, নারী ভোটার ৬ কোটি ৩১ লাখ ৯ হাজার ২৬৬ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ১ হাজার ২৪৩ জন।

   

About

Popular Links

x