দুবাইয়ের স্বর্ণ ব্যবসায়ী ও পুলিশের পরিদর্শক হত্যা মামলার আসামি আরাভ খানকে চেনেন না বলে জানিয়েছেন পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ।
শনিবার (১৮ মার্চ) বিকেলে নিজ ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে এ কথা জানান তিনি।
তিনি পোস্টে লেখেন, “সম্মানিত দেশবাসী, আমি আপনাদের সবাইকে আশ্বস্ত ও সম্পূর্ণভাবে নিশ্চিত করতে চাই যে ‘আরাভ ওরফে রবিউল ওরফে হৃদয়' নামে আমি কাউকে চিনি না। আমার সঙ্গে তার এমনকি প্রাথমিক পরিচয়ও নেই।”
তিনি আরও লেখেন, “আমি আমার ল' এনফোর্সমেন্ট ক্যারিয়ারের পুরোটা সময় খুনি, সন্ত্রাসী, ড্রাগ ব্যবসায়ী, চোরাকারবারি, ভেজালকারী ও অপরাধীদের বিরুদ্ধে লড়াই করেছি, কখনোই সখ্যতা নয়। আপনাদের অফুরান ভালোবাসা, সমর্থন ও সহযোগিতার জন্য অশেষ কৃতজ্ঞতা।”
সম্প্রতি দুবাইয়ে পুলিশ হত্যা মামলার আসামি আরাভ খান ওরফে রবিউল ইসলাম আপনের স্বর্ণের দোকান উদ্বোধন করতে যান বাংলাদেশ ক্রিকেট দলের অলরাউন্ডার সাকিব আল হাসান। বিষয়টি নিয়ে দেশে আলোচনা-সমালোচনা শুরু হয়।
২০১৮ সালে পুলিশের বিশেষ শাখার (এসবি) স্কুল অব ইন্টেলিজেন্স পরিদর্শক মামুন ইমরান খানকে (৩৪) পুড়িয়ে হত্যা করা হয়। সেই হত্যা মামলার ৬ নম্বর আসামি রবিউল ইসলাম আপন ওরফে আরাভ খান।
মামুন হত্যার ঘটনায় তার ভাই ডিএমপির বনানী থানায় ২০১৮ সালের ১০ জুলাই একটি মামলা দায়ের করেন। ওই মামলায় ২০১৯ সালে আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ।
মামলার এজাহার অনুযায়ী- আরাভের আসল নাম রবিউল ইসলাম আপন ওরফে সোহাগ ওরফে হৃদয়। মামলায় আপনের ঠিকানা গোপালগঞ্জের কোটালিপাড়ায় উল্লেখ করা হয়েছে।