বঙ্গবন্ধু সেতুতে দিনে ৩০ হাজারের বেশি যানবাহন, টোল আদায় আড়াই কোটি টাকা

ঈদযাত্রায় ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে যানবাহনের চাপ বৃদ্ধি হয়েছে। 

মঙ্গলবার (১৮ এপ্রিল) বেলা ১২টা থেকে বুধবার বেলা ১২টা পর্যন্ত সেতু দিয়ে ৩০ হাজার ২৫১টি যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে ২ কোটি ৪৪ লাখ ২১ হাজার ৫৫০ টাকা।  

সেতু কর্তৃপক্ষ জানিয়েছে, সেতুর ওপর দিয়ে উত্তরবঙ্গগামী ১৭ হাজার ২৫৬টি যানবাহন যানবাহন পারাপার হয়েছে। আর এতে টোল আদায় হয় ১ কোটি ২৬ লাখ ৪ হাজার ৯৫০ টাকা। অপরদিকে ঢাকাগামী ১২ হাজার ৯৯৫টি যানবাহন যানবাহন পারাপার হয়। আর এতে টোল আদায় হয় ১ কোটি ১৮ লাখ ৬ হাজার ৬০০ টাকা।

এ ব্যাপারে বঙ্গবন্ধু সেতুর নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পাভেল ঢাকা ট্রিবিউনকে বলেন, “বুধবার মহাসড়কে যানবাহনের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। মঙ্গলবারের চেয়ে বুধবার বঙ্গবন্ধু সেতু দিয়ে ৪ হাজার ১১টি যানবাহন বেশি পারাপার হয়েছে। সার্বক্ষিণিক আমাদের টোল প্লাজা সচল রাখার চেষ্টা করছি।”   

এর আগে সোমবার বেলা ১২টা থেকে মঙ্গলবার বেলা ১২টা পর্যন্ত সেতু দিয়ে পারাপার হয়েছে ২২ হাজার ২৪০টি যানবাহন। আর এতে টোল আদায় হয়েছে দুই কোটি টাকার বেশি। 

জানা যায়, দেশের দ্বিতীয় বৃহত্তম ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়ক। রাজধানী ঢাকার সঙ্গে সড়ক পথে উত্তরবঙ্গের একমাত্র যোগাযোগ মাধ্যম এই মহাসড়কটি। ঈদের সময় ঘরমুখো মানুষের যানবাহনের ভিড়ে এই মহাসড়কে সৃষ্টি হয় যানজটের। এ সড়ক দিয়ে প্রায় অন্তত ২৩ থেকে ২৪টি জেলার যানবাহন চলাচল করে। 

প্রসঙ্গত, ১৯৯৮ সালে সেতুটি চালু হওয়ার পর থেকে কর্তৃপক্ষ টোল আদায় করে আসছে। বর্তমানে সেতুর টোল আদায় করছে কমিউটার সিস্টেম নেটওয়ার্ক (সিএনএস)।