এবারের ঈদযাত্রায় বেশ স্বস্তির খবর পাওয়া গেছে। মহাসড়কে কড়া নজরদারি থাকায় এবং ট্রাফিক নিয়মে কঠোর ব্যবস্থা নেওয়ার কারণে ঈদ যাত্রায় তেমন কোনো সমস্যা পোহাতে হয়নি বলে জানিয়েছে সড়ক সংশ্লিষ্টরা।
বঙ্গবন্ধু সেতু দিয়ে গত এক সপ্তাহে এক লাখ ৯৬ হাজার ২৫০ টি যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় করা হয়েছে ১৪ কোটি সাত লাখ ৭৫ হাজার ১০০ টাকা।
সোমবার (২৪ এপ্রিল) এ তথ্য জানিয়েছে বঙ্গবন্ধু সেতুর সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পাভেল। গত ১৬ এপ্রিল রাত ১২টা থেকে গতকাল রবিবার রাত ১২টা পর্যন্ত এসব যানবাহন পারাপার ও টোল আদায় করা হয়েছে
প্রকৌশলী আহসানুল কবীর পাভেল জানান, গত ১৬ এপ্রিল রাত ১২টা থেকে সোমবার রাত ১২টা পর্যন্ত ২২ হাজার ৪৮৫টি যানবাহন সেতু পারাপার হয়। এতে টোল আদায় হয় দুই কোটি নয় লাখ ৬৪ হাজার ৫০০ টাকা।
ট্রাফিক পুলিশ সূত্র জানিয়েছে, অন্যবারের তুলনায় এবার ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে তেমন যানজট হয়নি। ঈদের ছুটি দীর্ঘ হওয়ায় এবং এলেঙ্গা থেকে বঙ্গবন্ধু সেতু পর্যন্ত ১৩ কিলোমিটার সড়ক একমুখী যান চলাচলের ব্যবস্থা করায় যানজট এড়ানো গেছে।
হাইওয়ে পুলিশের এলেঙ্গা ফাঁড়ির ইনচার্জ জাহিদ হাসান জানান, “অন্যান্য বছরের তুলনায় এ বছর উত্তরাঞ্চলের ঈদযাত্রা বেশ স্বস্তিদায়ক। মানুষ যেমন নির্বিঘ্নে ঘরে ফিরেছে একইভাবে কর্মস্থলেও ফিরেছে।”
বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুল ইসলাম বলেন, “ঈদ শেষে অনেকেই কর্মস্থলে ফিরছে। মহাসড়কে বাস ও ব্যক্তিগত গাড়ি চলাচল করছে। তবে ট্রাক নাই বললেই চলে। যানজট নিরসনে মহাসড়কের বিভিন্ন পয়েন্টে পুলিশ দায়িত্ব পালন করছে।”