দেশের ৫২তম ও আওয়ামী লীগ সরকারের ২৪তম বাজেট বৃহস্পতিবার (১ জুন) জাতীয় সংসদে উপস্থাপন করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
২০২৩-২৪ অর্থবছরে ৭ লাখ ৬১ হাজার ৭৮৫ কোটি টাকার প্রস্তাবিত বাজেট পেশ করা হয়েছে। সবশেষ বাজেটটি আগের অর্থবছরের চেয়ে ১২.৩৪% বড়। ২০২২-২৩ অর্থবছরে ৬,৭৮,০৬৪ কোটি টাকার বাজেট দেওয়া হয়েছিল।
নতুন এই প্রস্তাবিত বাজেটে বাসমতি চাল আমদানিতে ভ্যাট বসানোর প্রস্তাব করা হয়েছে।
বাসমতি চাল পোলাও, বিরিয়ানি ও কাচ্চির অন্যতম প্রধান উপকরণ। এই পণ্যটিতে ভ্যাট বসলে ভোজন রসিকদের খাওয়ার খরচ বাড়বে। বাড়বে পোলাও, বিরিয়ানি ও কাচ্চির দাম।
বৃহস্পতিবার বাজেট উপস্থাপনের জন্য স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর অনুমতি নেন অর্থমন্ত্রী। স্পিকারের অনুমতিক্রমে মন্ত্রী বাজেট বক্তব্য শুরু করেন। তার আগে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভায় প্রস্তাবিত বাজেট অনুমোদন দেওয়া হয়।
“উন্নয়নের দেড় দশক: স্মার্ট বাংলাদেশের অভিমুখে” শিরোনামে বাজেট বক্তৃতা দিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। ব্যবসা সম্প্রসারণের মাধ্যমে জনগণের কর্মসংস্থান নিশ্চিত করার ওপর জোর দিয়ে বাজেট প্রণয়ন করা হয়েছে।
এবারের বাজেটে অনেকগুলো চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে সরকারকে। যুদ্ধ ও মহামারি আক্রান্ত অর্থনীতির চ্যালেঞ্জ, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, আইএমএফের শর্ত বাস্তবায়ন, নির্বাচনী বছরের চাপ, কর্মসংস্থান তৈরি, খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা, বৈদেশিক মুদ্রার রিজার্ভ ধরে রাখা, রাজস্ব আদায়ে ঘাটতি, বাজেট ঘাটতির অর্থায়ন, উন্নয়ন কর্মসূচি চলমান রাখাসহ প্রবৃদ্ধি ধরে রাখার মতো নানামুখী চাপের মধ্যে এই “স্মার্ট ইকোনমির” বাজেট প্রণয়ন করতে যাচ্ছে সরকার।