ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু‌ মহাসড়কে ৩৫ কিলোমিটার যানজট

ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু‌ মহাসড়কের ৩৫ কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়েছে। সেতুর ওপর দুর্ঘটনা ও গাড়ি বিকল হওয়ায় দফায় দফায় টোল আদায় বন্ধ হয়; এছাড়া অতিরিক্ত যানবাহনের চাপ ও চালকদের বেপরোয়া গতির কারণে এই যানজটের সৃষ্টি হয়েছে।

বুধবার (২৮ জুন) ভোর রাত ৪টা থেকে বঙ্গবন্ধু সেতু‌র পূর্বপার থেকে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার পাকুল্লা পর্যন্ত যানজটের সৃষ্টি হয়। এতে করে বিপাকে পড়েছে ঘরমুখো মানুষ।

ট্রাফিক পুলিশ জানায়, বুধবার ভোরে বঙ্গবন্ধু সেতুর ওপর সংঘর্ষ ও একটি পিকআপ বিকল হয়। পিকআপটি সরাতে এক ঘন্টার ওপরে সময় লাগে। এতে ভোর রাত ৪টা থেকে প্রায় একঘণ্টা টোল আদায় বন্ধ রাখে সেতু কর্তৃপক্ষ। এর আগেও কয়েকবার টোল আদায় বন্ধ রাখা হয়। এতে যানজট শুরু হয়।

এলেঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ হাসান ঢাকা ট্রিবিউনকে বলেন, “সেতুর ওপর ও মহাসড়কে দুর্ঘটনার কারণে যানজট শুরু হয়। আমরা সড়কে দায়িত্ব পালন করছি। গাড়ির টান শুরু হয়েছে আশা করি দ্রুত সময়ের মধ্যে স্বাভাবিক হবে।”