জোড়া হত্যা মামলায় কারাগারে থেকেই খুলনার তেরখাদা উপজেলার ছাগলাদাহ ইউনিয়ন পরিষদ ইউনিয়ন (ইউপি) নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশগ্রহণ করেন এস এম দীন ইসলাম। নৌকার বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচনে দাঁড়ান তিনি। নির্বাচনের মাঠে না নেমেই তিনি নৌকা প্রার্থীকে পরাজিত করে চেয়ারম্যান নির্বাচিত হন। তিনি ছাগলাদাহ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি।
রবিবার (২৮ নভেম্বর) রাতে রিটার্নিং কর্মকর্তা মো. শফিকুল ইসলাম তাকে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত ঘোষণা করেন।
তেরখাদা উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, এস এম দীন ইসলাম আনারস প্রতীক নিয়ে পেয়েছেন ৫,৮৮২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী শুকুর শেখ পেয়েছেন ৩,৭৩০ ভোট।
তেরখাদা উপজেলা প্রশাসন ও থানা পুলিশ সূত্রে জানা গেছে, জমিসংক্রান্ত বিরোধে ২০১৯ সালের ৭ আগস্ট রাতে তেরখাদার ছাগলাদাহ ইউনিয়নের পহরডাঙ্গা গ্রামে নাঈম শেখ নামের এক যুবককে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। এ সময় গুরুতর আহত হন নাঈমের বাবা হিরু শেখ। পরে চিকিৎসাধীন অবস্থায় তিনিও মারা যান। এ ঘটনায় ২০১৯ সালের ৮ আগস্ট নিহতের মা মাহফুজা বেগম বাদী হয়ে ১৭ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত পরিচয় ১০/১২ জনের বিরুদ্ধে তেরখাদা থানায় হত্যা মামলা করেন। বাবা-ছেলেকে হত্যার মূল পরিকল্পনাকারী ও অর্থ যোগানের অভিযোগে ছাগলাদাহ ইউনিয়ন পরিষদের তৎকালীন চেয়ারম্যান এস এম দীন ইসলামকে ২০২০ সালের অক্টোবর মাসের শুরিতে পুলিশ গ্রেপ্তার করে।
এ কারণে ৩ মাস কারাগারে থাকার পর ২০২১ সালের ১১ জানুয়ারি স্থানীয় সরকার মন্ত্রণালয় এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে চেয়ারম্যান পদ থেকে সাময়িক বরখাস্ত করে।
এরপর থেকে জামিনে মুক্তি পান। কিন্তু তৃতীয় ধাপে ইউনিয়ন পরিষদের নির্বাচনের তফশিল ঘোষণার আগে তিনি আবারও গ্রেপ্তার হন। সেই থেকে তিনি কারাগারে রয়েছেন। কারাগারে থেকেই তিনি নির্বাচন করেন এবং বিজয়ী হন।