মুরাদ: যদি মা-বোনদের মনে কষ্ট দিয়ে থাকি, ক্ষমা করে দিবেন

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ডা. মুরাদ হাসানের অশালীন ও কুরুচিপূর্ণ বক্তব্য ছড়িয়ে পড়েছে। এর জের ধরে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর পদ থেকে মুরাদ হাসানকে পদত্যাগের নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

মঙ্গলবার (৭ ডিসেম্বর) মধ্যে বেলা ১২টার দিকে পদত্যাগপত্র তার দপ্তরে পাঠান মুরাদ হাসান। এরপরই ভেরিফায়েড এক ফেসবুক পোস্টে এসে ক্ষমা চান তিনি।


আরও পড়ুন - দপ্তরে পদত্যাগপত্র পাঠিয়েছেন তথ্য প্রতিমন্ত্রী মুরাদ


বেলা ১ টা ৪ মিনিটে দেওয়া ওই পোস্টটিতে তিনি লেখেন, “আমি যদি কোন ভুল করে থাকি অথবা আমার কথায় মা-বোনদের মনে কষ্ট দিয়ে থাকি তাহলে আমাকে ক্ষমা করে দিবেন।” মাননীয় প্রধানমন্ত্রী মমতাময়ী মা দেশরত্ন বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার সকল সিদ্ধান্ত মেনে নিবো আজীবন বলেও জানান তিনি।

এক সাক্ষাৎকারে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান খালেদা জিয়ার চরিত্র নিয়ে কথা বলেন। একই সঙ্গে তিনি জাইমা রহমানকে নিয়েও অত্যন্ত অশালীন বক্তব্য দেন। 


আরও পড়ুন - ডা. মুরাদকে মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ


এরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে ঢালিউড নায়িকা মাহিয়া মাহীর সঙ্গে তার একটি কথোপকথন ভাইরাল হয়। সেখানেও মাহীকে অশ্রাব্য গালিগালাজ এবং হুমকি দিতে দেখা যায় তাকে।