ভারতের পররাষ্ট্রসচিব শ্রিংলা ঢাকায়

ভারতের পররাষ্ট্র সচিব হর্ষ বর্ধন শ্রিংলা দুই দিনের সফরে ঢাকায় পৌঁছেছেন। 

মঙ্গলবার (৭ ডিসেম্বর) সকালে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন।

সফরে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এবং পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে বৈঠকের কথা রয়েছে। বুধবার ভারতের পররাষ্ট্র সচিবের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করবেন বলে জানা গেছে।

এছাড়া মঙ্গলবার তিনি সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সঙ্গেও সাক্ষাৎ করবেন।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক “নেইবারহুড ফার্স্ট পলিসি” এর অন্যতম শক্তিশালী ভিত্তি।

এই বছরে বাংলাদেশ ও ভারত যৌথভাবে তাদের কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৫০ বছর পূর্তি উদযাপন করছে।

মৈত্রী দিবস উদযাপনের একদিন পর পররাষ্ট্র সচিবের বাংলাদেশে সফর দুই দেশের মধ্যে বিস্তৃত সহযোগিতা পর্যালোচনা করার সুযোগ দেবে বলে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে।

এই সফরে ১৫ থেকে ১৭ ডিসেম্বর ভারতের রাষ্ট্রপতি রাম নাথ কোবিন্দের বাংলাদেশ সফরের প্রস্তুতিসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করবেন ভারতের পররাষ্ট্র সচিব।