নোয়াখালীতে সদর উপজেলার চরমটুয়া ইউনিয়নে বিজয় মিছিলের পিকআপ থেকে পড়ে এক শিশুর মৃত্যু হয়েছে বলে জানা গেছে। এ সময় আহত হয়েছে আরও ৩ জন।
বুধবার (১৫ ডিসেম্বর) রাতে সদর উপজেলার চরমটুয়া ইউনিয়নের মনারখিল গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত মেহেরাজ উদ্দিন (১২) ইউনিয়নটির রাউলদিয়া গ্রামের পাটোয়ারী বাড়ির মো. মোহনের ছেলে। সে স্থানীয় ঠেকারহাট হাজী আহম্মদ উল্ল্যা উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ছিল। আহতরা হল- নেয়াজের ডগী গ্রামের মো. সবুজের ছেলে মো. সংগ্রাম (১১), দক্ষিণ জগৎপুর গ্রামের নূর ইসলামের ছেলে মো. রাসেল (২০) এবং মো. সেলিমের ছেলে জয়নাল (২১)।
স্থানীয়রা জানায়, চরমটুয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের প্রার্থী কামাল উদ্দিন বাবলুর প্রচার মিছিলে এ ঘটনা ঘটে।
সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাহেদ উদ্দিন এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।