রাজধানীর ধানমন্ডিতে মেট্রো শপিংমলের “ট্রাস্ট ডায়মন্ড” নামের একটি দোকান থেকে দুই কোটি টাকা মূল্যের হীরার অলঙ্কার চুরির অভিযোগ উঠেছে। পুলিশ জানিয়েছে, পাঁচজনের একটি দল মাত্র ১০ মিনিটের মধ্যে হীরার অলঙ্কার চুরি করে নিয়ে গেছে।
অনলাইন সংবাদমাধ্যম বাংলা ট্রিবিউন জানায়, রবিবার (৩০ জুলাই) সকাল ১০টার পরে এ ঘটনা ঘটে।
চুরির বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পারভেজ ইসলাম। তিনি বলেন, “মেট্রো শপিংমলের চার তলায় ট্রাস্ট ডায়মন্ড নামে একটি প্রতিষ্ঠানের তালা ভেঙে হীরার বিভিন্ন অলঙ্কার চুরির ঘটনা ঘটে। আমরা মার্কেটের সিসিটিভি ফুটেজ পরীক্ষা করছি।”
তিনি আরও বলেন, “মার্কেটের সিসিটিভি ফুটেজে দেখা গেছে, পাঁচজনের একটি দল সকাল ১০টা ৮ মিনিটে দুটি তালা কেটে দোকানে প্রবেশ করে। এর ১০ মিনিটের মাথায় তারা বের হয়ে আসে। ওই দলে আরও কতজন ছিল সে বিষয়ে জানতে কাজ চলছে।”
ট্রাস্ট ডায়মন্ডের মালিকের বরাত দিয়ে ওসি বলেন, “শপিংমলের নিচতলায় নতুন শো-রুমের কাজ করছে দোকানটির মালিকপক্ষ। তাই চার তলার একটি দোকান ভাড়া নিয়ে মালামাল রাখা হয়েছিল। দোকানটিতে মাত্র দুটি তালা লাগানো ছিল। কোনো লকার ছিল না।”
তিনি জানান, ভুক্তভোগীরা এখনও হিসাব করছেন। তবে প্রাথমিকভাবে তাদের দাবি, অন্তত দুই কোটি টাকার হীরার অলঙ্কার চুরি হয়েছে।
ট্রাস্ট ডায়মন্ডের কর্মচারী হৃদয় সরকার বলেন, “আমরা সকাল ১০টার পর দোকানের সামনে এসে দেখি তালা খোলা। দোকানে লাগানো দুই তালার একটিও নেই। ভেতরে ঢুকে দেখি সব ফাঁকা। এরপর বিষয়টি আমরা আমাদের ঊর্ধ্বতনদের জানাই। দুই কোটি টাকার বেশি হীরার অলঙ্কার চুরি হয়েছে।”
পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি), ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখাসহ (ডিবি) বিভিন্ন সংস্থার কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।