সরকারি আজিজুল হক কলেজের ছাত্রীর ‘আত্মহত্যা’

বগুড়া সরকারি আজিজুল হক কলেজের বাংলা চতুর্থ বর্ষের ছাত্রী শাকিলা খাতুনের (২৩) অস্বাভাবিক মৃত্যু হয়েছে।

সোমবার (৪ সেপ্টেম্বর) রাতে শহরের জহুরুলনগর এলাকায় একটি ছাত্রনিবাস থেকে গলায় ফাঁস দেওয়া তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিশিন্দারা উপশহর পুলিশ ফাঁড়ির পরিদর্শক জালাল উদ্দিন বলেন, “প্রাথমিক তদন্তে এটি আত্মহত্যা মনে হচ্ছে। তবে মঙ্গলবার সকাল পর্যন্ত তার আত্মহত্যার কারণ জানা সম্ভব হয়নি। পরিবারের সদস্যরাও কিছু বলতে পারছেন না। এ ব্যাপারে সদর থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।”

পুলিশ ও স্বজনরা জানান, শাকিলা খাতুন গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার আয়াভাঙ্গী গ্রামের ছফিরুল ইসলামের মেয়ে। সোমবার রাতে তিনি একাই রুমে ছিলেন। রাত ৯টার দিকে তিনি রুমের দরজা বন্ধ করে শিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না দিয়ে ফাঁস নেন।

বিষয়টি বুঝতে পেরে ছাত্রীনিবাসের অন্য সদস্যরা তাকে ডাকাডাকি করেন। একপর্যায়ে ঘরের দরজা ভেঙে ভেতরে ঢোকেন তারা। এ সময় ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দেওয়া শাকিলার মরদেহ ঝুলতে দেখেন তারা। পরে খবর পেয়ে মরদেহ উদ্ধার করে পুলিশ।