চট্টগ্রাম চিড়িয়াখানায় নতুন অতিথি হিসেবেেএসেছে একটি জলহস্তী। জাতীয় চিড়িয়াখানা থেকে নতুন এই অতিথি বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) সকালে ঢাকা থেকে চট্টগ্রাম চিড়িয়াখানায় পৌঁছায়। এটি চট্টগ্রাম চিড়িয়াখানার প্রথম জলহস্তী। সপ্তাহখানেক পর পুরুষ এই জলহস্তীর সঙ্গী হবে যুক্ত হবে একটি স্ত্রী জলহস্তী।
রংপুর চিড়িয়াখানার সঙ্গে প্রাণী বিনিময় চুক্তির মাধ্যমে ঢাকা চিড়িয়াখানা থেকে এই জলহস্তী পেয়েছে চট্টগ্রাম চিড়িয়াখানা। জলহস্তীর বিনিময়ে সেখান থেকে রংপুর চিড়িয়াখানায় পাঠানো হয়েছে এক জোড়া বাঘ।
চট্টগ্রাম চিড়িয়াখানার ডেপুটি কিউরেটর ডা. শাহাদাত হোসেন শুভ ঢাকা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় কর্তৃক অনুমোদিত চট্টগ্রাম চিড়িয়াখানা এবং রংপুর চিড়িয়াখানার মধ্যে একটি যৌথ প্রচেষ্টার অংশ হিসে প্রাণী বিনিময় করা হয়। এটিকে একটি দৃষ্টান্তমূলক ঘটনা হিসেবে উল্লেখ করেন তিনি।
জলহস্তীটির বয়স ১২ বছর। যে এক জোড়া বাঘ রংপুরে পাঠানো হয়েছে, সেগুলো চিড়িয়াখানার রাজ ও পরী দম্পতির সন্তান। ২০১৬ সালে দক্ষিণ আফ্রিকা থেকে রাজ-পরীকে আনা হয় চট্টগ্রাম চিড়িয়াখানায়।