লালমনিরহাটে তিস্তা নদী থেকে জালে আটকা পড়া একটি ডলফিন বিক্রি করে দিয়েছেন এক জেলে। মাছ ধরার সময় ডলফিনটি তার জালে আটকায়। শাহজাহান মিয়া নামের ওই জেলের দাবি প্রাণীটিকে মৃত অবস্থায় পান তিনি।
বৃহস্পতিবার (৫ অক্টোবর) জেলার কালীগঞ্জ উপজেলার ভোটমারী ইউনিয়নের চরাঞ্চলে ঘটে এ ঘটনা। ঢাকা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেছেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জহির ইমাম।
ইউএনও জহির ইমাম জানান, অবিরাম বৃষ্টি আর ভারত থেকে আসা পাহাড়ি ঢলে তিস্তা নদীর পানি বেড়েছে। এরই মধ্যে বৃহস্পতিবার বিকেলে চরাঞ্চলের জেলেরা নৌকা নিয়ে তিস্তায় মাছ ধরতে নামেন। শাহজাহান মিয়া নামে এক জেলের জালে মৃত ডলফিনটি ধরা পড়ে।
এ খবর ছড়িয়ে পড়লে আশপাশের এলাকা থেকে শত শত মানুষ প্রাণীটি দেখতে ভিড় জমায়।
স্থানীয় আফসার আলী ও সালাম স্থানীয় সাংবাদিকদের জানান, ওই জেলে মৃত ডলফিনটি ৩০ হাজার টাকায় বিক্রি করে দিয়েছেন।
স্থানীয় ভোটমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফরহাদ হোসেন বলেন, “আমরা খবর পেয়েই ঘটনাস্থলে চৌকিদার পাঠাই। কিন্তু ততক্ষণে মৃত ডলফিনটি কেটে বিক্রি করে ফেলা হয়।”
চেয়ারম্যান আরও বলেন, “বড় ধরনের মাছ পাওয়ার খবর থানায় না জানিয়ে বিক্রি করা ঠিক হয়নি। এ ঘটনায় জেলে শাহজাহানকে ডেকে সতর্ক করে দেওয়া হয়েছে।”
লিয়াকত আলী বাদল