‘তিন দিন ধরে রাস্তায়, বাড়ি যেতে পারছি না’ 

২৯ অক্টোবর থেকে বিএনপির ডাকা অবরোধের তৃতীয় দিন আজ। রাজধানীতে অল্পবিস্তর যান চলাচল করলেও ভোগান্তিতে পড়েছেন দূরপাল্লার যাত্রীরা। রাজধানীর অন্যতম ব্যস্ততম বাস টার্মিনাল গাবতলী থেকে ছেড়ে যাচ্ছে না দূরপাল্লার কোনো বাস। 

টার্মিনাল সংশ্লিষ্টরা বলছেন, যাত্রী সংকটের কারণে বাস চালানো সম্ভব হচ্ছে না। এ কারণে টার্মিনালে অলস সময় পার করছেন পরিবহন শ্রমিকরা। অন্যদিকে প্রয়োজনের তাগিদে ঢাকায় আসা ব্যক্তিরা পড়েছেন চরম ভোগান্তিতে। 

যশোরের মনিরামপুর থেকে শ্যালিকাকে নিয়ে ডাক্তার দেখাতে এসেছিলেন আব্দুল জলিল। ইচ্ছে ছিল ডাক্তার দেখিয়ে দিনে দিনে ফিরে যাওয়া। তবে অবরোধের কারণে গাবতলী টার্মিনালেই তিনটি রাত কেটেছে নিম্নবিত্ত মানুষটির।

ঢাকা ট্রিবিউনকে তিনি বলেন, “তিন দিন আগে ঢাকায় এসেছি। কাজ শেষ কিন্তু বাড়ি যেতে পারছি না। ঢাকা শহরে দুইজন মানুষ থাকা-খাওয়া মিলে অনেক খরচ। টাকার অভাবে হোটেল নিতে পারিনি, রাস্তায় রাস্তায় দিন-রাত কাটছে।”

এদিকে, অবরোধ শেষে বৃহস্পতিবার বিকেল ৫টা নাগাদ দূরপাল্লার বাস চলাচল শুরু হবে বলে আশা করছেন পরিবহন সংশ্লিষ্টরা। 

লিটন আলী নামের একজন পরিবহন শ্রমিক বলেন, “অন্তত ২০ জন যাত্রী না হলে তো বাস ছাড়া যাচ্ছে না। বাসের খরচটাও না উঠলে লোকসান দিয়ে চলা অসম্ভব। অবরোধ শেষ হলে বিকেল ৫টার পর আমরা বাস চালাব। তখন আশা করি যাত্রীও পাওয়া যাবে”