রপ্তানিমুখী চিংড়ির মান যাচাই করতে বাংলাদেশ সফরে আসছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) কমিশনের একটি প্রতিনিধিদল। সোমবার, ৪ ডিসেম্বর বাংলাদেশে আসবে তারা। চিংড়ির মান যাচাই করতে তারা ১৫ ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশে অবস্থান করবে।
এদিকে এই সফরকে সামনে রেখে চিংড়ির রপ্তানি বৃদ্ধির সম্ভাবনাকে কাজে লাগাতে বাগেরহাটে কর্মশালার আয়োজন করা হয়।
রবিবার (৩ ডিসেম্বর) বাগেরহাট চিংড়ি গবেষণা কেন্দ্র মিলনায়তনে জেলা মৎস্য বিভাগের আয়োজনে “চিংড়ি রপ্তানি বৃদ্ধির সম্ভাবনা ও করণীয়” শীর্ষক কর্মশালাটি অনুষ্ঠিত হয়।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মৎস্য বিভাগের উপপরিচালক মো. জাহাঙ্গীর আলম। জেলা মৎস্য কর্মকর্তা এএসএম রাসেলের সভাপতিত্বে এসময় বক্তব্য দেন বাগেরহাট চিংড়ি গবেষণা কেন্দ্রের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা মো. হারুন অর রশিদ, খুলনা বিভাগের কোস্টাল মেরিন ফিশারিজের উপপরিচালক সরোজ কুমার মিস্ত্রি, সিনিয়র মৎস্য কর্মকর্তা ফেরদৌস আনসারীসহ স্থানীয় চিংড়ি চাষিরা।
কর্মশালা চলাকালে বক্তারা জানান, আগামী ৪ ডিসেম্বর থেকে ১৫ ডিসেম্বর ইউরোপীয় ইউনিয়ন কমিশনের অডিট টিম রপ্তানিমুখী চিংড়ির মান যাচাইয়ে বাংলাদেশ সফর আসছে। চিংড়ির রপ্তানি বৃদ্ধির সম্ভাবনাকে কাজে লাগাতে সংশ্লিষ্ট সকলকে এগিয়ে আসার আহ্বান জানান।
এর আগে, ২০১৮ সালে ইউরোপীয় ইউনিয়ন কমিশনের অডিট টিম রপ্তানিমুখী চিংড়ির মান যাচাইয়ে এসে সন্তোষ প্রকাশ করেছিল।