মির্জা আব্বাসের বিরুদ্ধে দুদকের মামলার রায় পেছাল

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের বিরুদ্ধে সম্পদের তথ্য গোপন ও জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের মামলার রায় ফের পিছিয়েছে। আগামী ২৮ ডিসেম্বর এই মামলার রায় ঘোষণার তারিখ নির্ধারণ করেছেন আদালত।

মঙ্গলবার (১২ ডিসেম্বর) দুপুরে ঢাকার বিশেষ জজ আদালত-৬ এর বিচারক মঞ্জুরুল ইমামের আদালত নতুন এই দিন নির্ধারণ করেন। আজ একই আদালতে এই মামলার রায় হওয়ার কথা ছিল।

দুদকের আইনজীবী মাহমুদ হোসেন জাহাঙ্গীর সংবাদমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, বিচারকের বাবা অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন। তাই মামলার রায় প্রস্তুত হয়নি। আগামী ২৮ ডিসেম্বর রায়ের তারিখ নির্ধারণ করা হয়েছে।

গত ২২ নভেম্বর দুদক ও আসামি পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে রায়ের এই তারিখ ধার্য করেন আদালত।

রাজধানীর রমনা থানায় মির্জা আব্বাসের বিরুদ্ধে ২০০৭ সালের ১৬ আগস্ট আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ৭ কোটি ৫৪ লাখ ৩২ হাজার ২৯০ টাকার সম্পদ অর্জন এবং ৫৭ লাখ ২৬ হাজার ৫৭১ টাকার সম্পদের তথ্য গোপনের অভিযোগে দুদকের উপপরিচালক মো. শফিউল আলম মামলাটি করেন।

মামলাটি তদন্ত শেষে ২০০৮ সালের ২৪ মে দুদকের উপপরিচালক মো. খায়রুল হুদা আদালতে চার্জশিট জমা দেন। তদন্তে তার বিরুদ্ধে ৪ কোটি ২৩ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জন ও ২২ লাখ টাকার সম্পত্তির তথ্য গোপনের অভিযোগ আনা হয়।

২০০৮ সালের ১৬ জুন মির্জা আব্বাসের বিরুদ্ধে চার্জগঠন করে বিচার শুরুর আদেশ দেন। মামলাটির বিচার চলাকালীন আদালত ২৪ জনের সাক্ষ্যগ্রহণ করেন।

প্রসঙ্গত, রাজধানীর শাহজাহানপুর থানার নাশকতার এক মামলায় মির্জা আব্বাসকে গত ৩১ অক্টোবর আটক করে পুলিশ। এরপর গত ১ নভেম্বর মির্জা আব্বাসের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। ৫ নভেম্বর রিমান্ড শেষে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। সর্বশেষ গত ২৯ নভেম্বর এই মামলায় ঢাকা মহানগর দায়রা জজ আদালতও তার জামিনের আবেদন নামঞ্জুর করেন। নাশকতার মামলাটি উচ্চ আদালতে আপিল শুনানির পর্যায়ে রযেছে।