আদাবর থানার হাজত থেকে পালালেন নারী আসামি

ঢাকার আদাবর থানার হাজত থেকে পালিয়ে গেছেন লাবনী আক্তার (২০) নামে এক আসামি। সম্প্রতি তিনি ইয়াবাসহ পুলিশের হাতে গ্রেপ্তার হন।

শনিবার (৩০ ডিসেম্বর) ভোর ৫টার দিকে হাজত থেকে পালান ওই নারী। ডিউটি অফিসার থাকার পরও হাজতখানা থেকে এভাবে আসামি পালিয়ে যাওয়ার ঘটনায় পুলিশের দায়িত্ব নিয়ে প্রশ্ন উঠেছে।

আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমানের বরাত দিয়ে এ খবর জানিয়েছে অনলাইন সংবাদমাধ্যম বাংলা ট্রিবিউন।

তিনি বলেন, “শনিবার ভোরে এক নারী আসামি পালিয়ে গেছে। তাকে গ্রেপ্তারে আমাদের অভিযান চলছে। দ্রুতই গ্রেপ্তার হবে। তার বিরুদ্ধে মিরপুর থানায় মাদক মামলা রয়েছে। গতকাল আমরা তাকে ইয়াবাসহ গ্রেপ্তার করি। ভোরে সে পালিয়ে যায়।”

লাবনী আক্তারের বিরুদ্ধে আদাবর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ইব্রাহিম বাদী হয়ে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা (নম্বর ২৬) করেন।

মামলা সূত্রের বরাতে প্রতিবেদনে বলা হয়, শুক্রবার দুপুরে আদাবর থানার এসআই ইব্রাহীম ও এএসআই মাসুম আলীর নেতৃত্বে লাবনী আক্তারকে শেখেরটেক ১১ নম্বর থেকে ২০টি ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার করা হয়। পরদিন তাকে আদালতে পাঠানোর কথা ছিল। রাতে লাবনীকে রাখা হয় থানার হাজতখানায়। সকালে পুলিশ তাকে খুঁজে না পেলে ঘটনাটি নিয়ে তোলপাড় শুরু হয়।

ইতোমধ্যে লাবনীকে খুঁজে বের করতে আদাবর থানা পুলিশের কয়েকটি দল কাজ করছে বলে পুলিশ সূত্রের বরাতে জানিয়েছে বাংলা ট্রিবিউন।