ভোটে বাধা দিলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি আইজিপির

কেউ ভোট দিতে বাধা দিলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। তিনি বলেন, “আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে যেকোনো ধরনের নাশকতা নস্যাৎ করার ক্ষমতা পুলিশের রয়েছে।”

সোমবার (১ জানুয়ারি) সকালে রংপুর নগরীর পুলিশ অফিসার্স মেসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

আইজিপি ৩০০ আসনে নির্বাচনি এলাকার জনগণকে ভোট কেন্দ্রে এসে উৎসবমুখর পরিবেশে ভোট দেওয়ার জন্য আহ্বান জানান।

তিনি বলেন, “কেউ ভোট দিতে বাধা দিলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আমরা জানি কিভাবে এই অপরাধীদের মোকাবেলা করতে হয়। আমাদের সব পুলিশ সদস্যদের এভাবেই নির্দেশ দেওয়া হয়েছে।”

আইজিপি বলেন, “সারা বাংলাদেশে ভোট কেন্দ্রে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। যারা আইন লঙ্ঘন করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

এদিকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান বলেছেন, ঢাকার ২,১৪৬টি কেন্দ্রের মধ্যে অর্ধেকই ঝুঁকিপূর্ণ।

“ঢাকা শহরের অর্ধেক কেন্দ্র ঝুঁকিপূর্ণ বিবেচনায় নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। এছাড়াও শহরের মধ্যে অনেক প্রত্যন্ত কেন্দ্র রয়েছে, যেখানে মানুষকে ট্রলার ব্যবহার করতে হয়। তবে আমরা মনে করি আমাদের নিরাপত্তা ব্যবস্থা শক্তিশালী,” তিনি যোগ করেন।

সোমবার রাজারবাগ পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজে বই উৎসব শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।