৯ ডিগ্রিতে নামল নীলফামারীর তাপমাত্রা

উত্তরের জেলা নীলফামারীতে  দিন দিন বাড়ছে শীতের প্রকোপ। গত কয়েক দিন ধরে ঘন কুয়াশায় রাত থেকে দুপুর পর্যন্ত আচ্ছন্ন থাকছে। বইছে মৃদু শৈত্যপ্রবাহ। সকাল ৯টায় এখানে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে, ৯ ডিগ্রি সেলসিয়াস।

শীতের তীব্রতা আরও বাড়বে বলে সোমবার (২ ডিসেম্বর) জানিয়েছেন সৈয়দপুর বিমানবন্দর আবহাওয়া কার্যালয়ের কর্মকর্তা।

সকাল থেকে জেলার পথঘাট কুয়াশার চাদরে ঢাকা ছিল। যানবাহনগুলোকে হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে দেখা গেছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশা কিছুটা কমলেও সূর্যের দেখা মেলেনি। ফলে বিপাকে পড়েছেন দিনমজুর ও স্বল্প আয়ের খেটে খাওয়া মানুষ।

সৈয়দপুর বিমানবন্দর আবহাওয়া কার্যালয়ের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. লোকমান হাকিম বলেন, “সোমবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় তিন কিলোমিটার। মূলত এই বাতাসের কারণেই শীত বেশি অনুভূত হচ্ছে। বুধবার তাপমাত্রা আরও কিছুটা কমতে পারে। এ অবস্থা কয়েক দিন চলবে।”

মঙ্গলবার দিনাজপুরে ১০ ডিগ্রি, পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ১০.৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। তাপমাত্রা ৮ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকলে আবহাওয়া পরিস্থিতিকে মৃদু শৈত্যপ্রবাহ বলা হয়। সে অনুযায়ী সৈয়দপুর ও দিনাজপুরে মৃদু শৈত্যপ্রবাহ চলছে।

পরবর্তী ৭২ ঘণ্টার পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এই সময়ে ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নৌ পরিবহন ও সড়কে যানবাহন চলাচল ব্যাহত হতে পারে।