কারাগারে আদম তমিজী হক

ডিজিটাল নিরাপত্তা আইনে রাজধানীর দক্ষিণখান থানার মামলায় গ্রেপ্তার আলোচিত ব্যবসায়ী, হক গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক আদম তমিজী হককে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (৪ জানুয়ারি) বিকেলে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তাহমিনা হকের আদালত এ আদেশ দেন। একইসঙ্গে আগামী ১০ জানুয়ারি জামিন শুনানির তারিখ ধার্য করেছেন আদালত।

এ দিন মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের (ডিবি) সোশ্যাল মিডিয়া ক্রাইম ইনভেস্টিগেশন টিমের পরিদর্শক মো. রেজাউল করিম আদালতের নির্দেশ অনুযায়ী তাকে হাজির করেন। বেলা ৩টা ২০ মিনিটের দিকে তাকে রিহ্যাব সেন্টার থেকে আদালতে হাজির করা হয়। এরপর ঢাকার সিএমএম আদালতের হাজতখানায় রাখা হয়।

জানা যায়, আদম তমিজী হক সামাজিক যোগাযোগমাধ্যমে বিতর্কিত কথা লিখেছিলেন। যার কারণে তার বিরুদ্ধে ডিএমপির দক্ষিণখান থানায় একটি মামলা দায়ের করা হয়। এ মামলায় তাকে জিজ্ঞাসাবাদের জন্য গ্রেপ্তার করা হয়েছিল। গ্রেপ্তারের পর তার আচরণ ও কথা অসংলগ্ন মনে হওয়ায় মাদক নিরাময় কেন্দ্রে পাঠানো হয়। রিহ্যাবে ভর্তি করিয়ে বিষয়টি আদালতে জানানো হয় যে, তার এলোমেলো কথাবার্তায় ডিবির মনে হয়েছে তার চিকিৎসার প্রয়োজন।

পরবর্তীতে আদালতের নির্দেশে জাতীয় মানসিক হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়। মানসিক হাসপাতালে নয়জন বিশেষজ্ঞ চিকিৎসককে নিয়ে একটি বোর্ডও গঠন করা হয়।