মালয়েশিয়া পাচারকালে আরও ১২ রোহিঙ্গা উদ্ধার, আটক ২

কক্সবাজার শহরের আবাসিক এক হোটেল থেকে মালয়েশিয়াগামী ১২ জন রোহিঙ্গাকে উদ্ধার এবং ২ দালালকে আটক করেছে র‌্যাব। বৃহস্পতিবার (১৪ ফেব্রুয়ারি) সকাল ১০ টার দিকে কক্সবাজার শহরের বাজারঘাটা এলাকার হোটেল রাজমনিতে এ অভিযান চালিয়ে এসব রোহিঙ্গা নাগরিকদের উদ্ধার করা হয়।

আটক দালালরা হল, চট্টগ্রাম জেলার লোহাগড়া উপজেলার চুনতি এলাকার নুরুল ইসলাম (২২) এবং অন্যজন মিয়ানমারের রোহিঙ্গা নাগরিক মোহাম্মদ জাহিদ (২৭)। উদ্ধার রোহিঙ্গাদের মধ্যে ৪ জন নারী ও ৮ জন পুরুষ রয়েছে।

র্যা ব-৭ কক্সবাজার ক্যাম্পের কোম্পানী অধিনায়ক মেজর মো. মেহেদী হাসান বলেন, “বৃহস্পতিবার সকালে কক্সবাজার শহরের বাজারঘাটায় আবাসিক এক হোটেলে সাগরপথে মালয়েশিয়া পাচারের উদ্দ্যেশে কিছু সংখ্যক রোহিঙ্গাকে জড়ো করা হয়েছে খবরে র‌্যাবের একটি দল অভিযান চালায়।এসময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে ২/৩ জন পালিয়ে গেলেও রাজমনি হোটেল থেকে ১২ রোহিঙ্গাকে পাওয়া যায়। এতে জড়িত অভিযোগে ২ জন দালালকে আটক করা হয়। এদের একজন বাংলাদেশি নাগরিক এবং অন্যজন রোহিঙ্গা। "

সাগরপথে মালয়েশিয়া পাচারের জন্য এসব রোহিঙ্গাদের হোটেলে জড়ো করা হয়েছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক দালালরা জানিয়েছে। আটকদের বিরুদ্ধে কক্সবাজার সদর থানায় সংশ্লিষ্ট আইনে মামলা করার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন ওই কর্মকর্তা।