আজও দেশের সর্বনিম্ন তাপমাত্রা নওগাঁয়

দ্বিতীয় দিনের মতো বৃহস্পতিবারও (১১ জানুয়ারি) নওগাঁয় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০.৭ ডিগ্রি সেলসিয়াস। বুধবারও দেশের সর্বনিম্ন তাপমাত্র রেকর্ড করা হয়েছিল জেলাটিতে।

নওগাঁর বদলগাছী কৃষি আবহাওয়া অফিসের কর্মকর্তা মিজানুর রহমান ঢাকা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, বৃহস্পতিবার সকাল ৯টায় নওগাঁর সর্বনিম্ন তাপমাত্রা পরিমাপ করা হয়েছে ১০.৭ ডিগ্রি সেলসিয়াস; যা গতকাল ছিল ১০.২ ডিগ্রি সেলসিয়াস। গত কয়েকদিন ধরেই নওগাঁর তাপমাত্রা কমছে। ঘন কুয়াশার সঙ্গে উত্তরের হিমেল বাতাস প্রবাহিত হওয়ায় তাপমাত্রা নিম্নমুখী।

এই তাপমাত্রা আগামীতে আরও কমার সম্ভাবনা রয়েছে বলেও জানান তিনি।

বেলা বাড়ার সঙ্গে সঙ্গে নিরুত্তাপ সূর্যের দেখা মিললেও বিকেল থেকে উত্তরের বয়ে আসা হিমেল হাওয়া শীতকে বাড়িয়ে দিচ্ছে। এতে বিপাকে পড়েছেন নিম্নআয়ের খেটে-খাওয়া মানুষরা। পাশাপাশি গবাদিপশু ও অন্যান্য প্রাণীগুলোকেও পোহাতে হচ্ছে সীমাহীন দুর্ভোগ। ঘন কুয়াশার কারণে রাস্তায় বিভিন্ন যানবাহনগুলো আলো জ্বালিয়ে চলাচল করছে।