জামালপুরে গরু চুরির মামলায় মাদ্রাসা কর্মচারী গ্রেপ্তার

জামালপুরের বকশিগঞ্জ উপজেলায় গরু চুরির মামলায় শাহজাহান ওরফে সোনা মিয়া নামে এক মাদ্রাসা কর্মচারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১১ জানুয়ারি) বিকেলে জেলার ইসলামপুর উপজেলার পৌর শহর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

এলাকাবাসী জানায়, গত ১১ নভেম্বর রাতে নিলাখিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ইউনিয়ন পরিষদ সদস্য মোয়াজ্জেম হোসেন বসাকের গোয়ালঘর থেকে একটি গাভী ও একটি বকনা বাছুর চুরি হয়। এ ঘটনায় ভুক্তভোগীর স্ত্রী নয়নতারা বাদী হয়ে বকশীগঞ্জ থানায় মামলা করেন।

১২ ডিসেম্বর জেলার রাতে ইসলামপুর উপজেলার ডেঙ্গারগড় বানিয়া বাড়ি এলাকার হাফিজুর রহমানের (৪৮) বাড়ি থেকে গাভী ও বাছুর উদ্ধার করা হয়। এ সময় হাফিজুর রহমানকেও গ্রেপ্তার করে পুলিশ।

বকশিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল আহাত খান বলেন, “গরু চুরির মামলায় হাফিজুর রহমান ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। চুরির সঙ্গে শাহজাহান ওরফে সোনা মিয়ার সম্পৃক্ততার কথাও বলেন। তাই তাকে গ্রেপ্তার করা হয়েছে। শাহজাহানকে আদালতে পাঠানো হয়েছে।”

অভিযুক্ত শাহজাহান ইসলামপুর উপজেলার গোয়ালেরচর ইউনিয়নের বাসিন্দা। তিনি স্থানীয় ইসলামপুর ইসলামিয়া কামিল মাদ্রাসার কেরানি হিসেবে কর্মরত।