‘মিঙ্গেলে সুখ নাই, সিঙ্গেলেই পরম সুখ’

টাঙ্গাইলে ভালোবাসা দিবসে “চিরকুমার সংঘ” ব্যানারে মানববন্ধন কর্মসূচি পালন করেছে একদল তরুণ।

বুধবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে করটিয়া সা’দত কলেজের চিরকুমার সংঘের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। বিক্ষোভটি ক্যাম্পাস চত্বর থেকে বের হয়ে ক্যাম্পাসের বিভিন্ন পয়েন্ট প্রদক্ষিণ করে মানববন্ধনে মিলিত হয়। 

এ সময় “প্রেমকে না বলুন”, “মিঙ্গেলে সুখ নাই, সিঙ্গেলেই পরম সুখ”, “আমরা সবাই এক জোট, চিরকুমারের জয় হোক” ইত্যাদি লেখা প্ল্যাকার্ড হাতে নিয়ে তারা স্লোগান দেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন- করটিয়া সা’দত কলেজ চিরকুমার সংঘের সভাপতি তোফায়েল আহমেদ তুহিন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, তদন্ত বিষয়ক সম্পাদক আসিফ, সদস্য রাজন, শাহীন, রিপন, আল আমিন, রাজিব, আমিনুর প্রমুখ।

তারা বলেন, “বর্তমানে প্রেমের নামে প্রহসন হচ্ছে। আমরা প্রেমের বিপক্ষে না। কিন্তু কথা হচ্ছে- প্রেম হবে সুন্দর ও পবিত্র। একজন নারী শুধু একজন ছেলের সঙ্গেই প্রেম করবে। এসব বার্তা পৌঁছে দেওয়ার জন্য ভালোবাসা দিবসে এমন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।”